ফেভারিট বায়ার্নকে হারিয়ে দিল ভিয়ারিয়াল

স্পোর্টস ডেস্ক

প্রতিপক্ষের মাঠে খেলা হলেও ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখই ছিল পরিষ্কার ফেভারিট। তবে নিজেদের আঙিনায় ভরপুর গ্যালারির সামনে খাতায় কলমের হিসাব বদলে দিল ভিয়ারিয়াল। রবার্ট লেভানদভস্কিদের বিবর্ণ দিনে বায়ার্নকে স্তব্ধ করে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে খেলার আশা জাগিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

বুধবার রাতে ঘরের মাঠে বায়ার্নকে ১-০ গোলে হারায় তারা। খেলার ৮ম মিনিটে আরনট দানজুমার পা থেকে আসা গোলটি ধরে রেখেই ম্যাচ জিতে নেয় তারা। এতে করে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে বায়ার্নকে হারাল ভিয়ারিয়াল। এবারের চ্যাম্পিয়ন্স লিগের আসরেও এটি বায়ার্নের প্রথম হার।

খেলার শুরুতেই আক্রমণে যাওয়া স্প্যানিশ দলটির ফল পেতে দেরি হয়নি। ডান দিক থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভান্নি লা সেলসো পাস বাড়ান বক্সে। ড্যানিয়েল পারেহোর শট থেকে বল পেয়ে টোকায় দিক বদল করে জালে জড়িয়ে দেন দানজুমা। শেষ ষোলোয় জুভেন্টাসের বিপক্ষে ৩-০ গোলের জয়েও একটি গোল করেছিলেন এই নাজেরীয় ফুটবলার।

হট ফেভারিট বায়ার্ন গোল খাওয়ার পরও ধার বাড়াতে পারছিল না। আক্রমণগুলো প্রতিপক্ষের বক্সে এসে বারবার খেয়েছে হোঁচট। ৪১ মিনিটে উলটো আরেক গোল খেতে বসেছিল। অফসাইডের কারণে বল জালে জড়ালেও পরে রক্ষা হয়।

বিরতির পর ম্যাচে ফেরার দারুণ সুযোগ এসেছিল বায়ার্নের। ৫০তম মিনিটে সের্গে জিনাব্রির পাস থেকে পা লাগাতে পারেননি টমাস মুলার। মিনিট তিনেক পর প্রতি আক্রমণ থেকে অল্পের জন্য রক্ষা পায় বায়ার্ন। জেরার্ড মরনোর শট লাগে বারে।

মিনিট পাঁচেক পর ম্যানুয়েল নয়্যার একটি ভুল করে দলকে বিপদে ফেলে দিয়েছিলেন। মাঝমাঠে উঠে এই গোলরক্ষক বল দিয়ে দেন প্রতিপক্ষের পায়ে। সেখান থেকে নেওয়া মরেনোর শট যদিও লক্ষ্যে থাকেনি।

শেষ দিকে চাপ বাড়িয়েও ভিয়ারিয়ালের রক্ষণ আর আলগা করা হয়নি বায়ার্নের। পুরো ম্যাচে দলকে হতাশ করেন বায়ার্নের সেরা তারকা লেভানদভস্কি। সেমিতে যেতে হলে ফিরতি লেগে বায়ার্নের সামনে কঠিন সমীকরণ।