বার্সা ছেড়ে পিএসজিতে যাচ্ছেন দেম্বেলে!

স্পোর্টস ডেস্ক

সবশেষ শীতকালীন দলবদলে গত জানুয়ারিতে ওসমান দেম্বেলের বার্সেলোনা ছাড়ার গুঞ্জন হয়েছিল জোরালো। তবে ক্যাম্প ন্যুতে থেকে যান ফ্রান্সের এই ফরোয়ার্ড। কোচ জাভি হার্নান্দেজের অধীনে সাম্প্রতিক সময়ে দারুণ সব পারফরম্যান্স উপহার দেওয়ায় ধারণা করা হচ্ছিল, বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করবেন তিনি। তবে স্প্যানিশ গণমাধ্যম এএসের প্রতিবেদন নিঃসন্দেহে হতাশ করবে কাতালান ক্লাবটির ভক্ত-সমর্থকদের।

শনিবার এএস জানিয়েছে, বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমাচ্ছেন দেম্বেলে। ইতোমধ্যে স্বদেশি ক্লাবটির সঙ্গে মৌখিক সমঝোতাতে পৌঁছেছেন তিনি। সব কিছু ঠিক থাকলে আগামী মৌসুমে তাকে দেখা যাবে নতুন ঠিকানায়। তাকে দলে টানতে কোনো ট্রান্সফার ফি লাগছে না প্যারিসিয়ানদের। কারণ, চলতি মৌসুমেই শেষ হয়ে যাচ্ছে বার্সার সঙ্গে দেম্বেলের বর্তমান চুক্তির মেয়াদ। সেক্ষেত্রে তিনি হয়ে যাবেন ফ্রি এজেন্ট। বিনামূল্যে তাকে নিজেদের স্কোয়াডে যুক্ত করতে পারবে কাতারি মালিকানাধীন দলটি।

গত বছরের ডিসেম্বরে বার্সা ও দেম্বেলের মধ্যে চুক্তি নবায়নের আলোচনা প্রক্রিয়া ভেস্তে যায়। কারণ, দেম্বেলের বেতন বাড়ানোর প্রস্তাবে প্রত্যাখ্যান করা হয়। উল্টো বার্সেলোনা চেয়েছিল বেতন কমাতে। তখন অনেকটা নাছোড়বান্দা মনোভাব দেখিয়েছিলেন দেম্বেলে। দাবীকৃত অর্থ না পেলে ক্যাম্প ন্যু ছাড়তে তৈরি থাকার কথাও জানিয়েছিলেন তিনি।

শীতকালীন দলবদলে অবশ্য ২৪ বছর বয়সী দেম্বেলের নতুন ঠিকানা খুঁজে নেওয়া হয়নি। সেসময় জল ঘোলা হয়েছিল অনেক। নতুন চুক্তিতে স্বাক্ষর না করলে মৌসুমের বাকি সময় বেঞ্চে বসেই কাটাতে হবে জানিয়ে দেম্বেলেকে একরকম হুমকিই দিয়েছিল বার্সা। কোচ জাভিও বলেছিলেন একই কথা। কিন্তু কদিন না যেতেই সুর নরম হয় তাদের। আর মাঠে নামার সুযোগ পেয়ে একের পর এক নজরকাড়া নৈপুণ্যে দেখিয়ে চলেছেন দেম্বেলে। স্প্যানিশ লা লিগায় শেষ পাঁচ ম্যাচে সতীর্থদের দিয়ে সাতটি গোল করানোর পাশাপাশি নিজেও একটি গোল করেছেন তিনি।

এএস জানিয়েছে, পিএসজির সঙ্গে দেম্বেলের আলাপ চূড়ান্ত না হলেও তাকে ধরে রাখার ব্যাপারে আর খুব একটা আশাবাদী নয় বার্সেলোনা। তাদের দৃষ্টিতে, চুক্তি নবায়নের সম্ভাবনা বেশ ক্ষীণ। দেম্বেলে শেষ পর্যন্ত স্পেন ছাড়লে আরও এক তারকাকে পিএসজির কাছে হারাতে হবে বার্সাকে। ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ও চলতি মৌসুমের শুরুতে বিনা ট্রান্সফার ফিতে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে থিতু হয়েছেন।