বায়ার্নকে নিজেদের চেয়ে ভালো মেনে বাস্তববাদী হওয়ার পরামর্শ কোমানের
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে আরও একবার ধরাশায়ী হয়েছে বার্সেলোনা। তবে হতশ্রী পারফরম্যান্সের জন্য কোনো অজুহাত দিতে চাইছেন না ক্লাবটির কোচ রোনাল্ড কোমান। চোট সমস্যার কারণে দলের শক্তি কমে যাওয়ায় এমন ফলকে স্বাভাবিকভাবে দেখছেন তিনি। ভক্ত-সমর্থকদেরও বাস্তবতা মেনে নিয়ে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন নেদারল্যান্ডসের সাবেক এই ফুটবলার।
মঙ্গলবার রাতে আসরের 'ই' গ্রুপের ম্যাচে নিজেদের মাঠে বায়ার্নের কাছে পাত্তাই পায়নি স্প্যানিশ পরাশক্তি বার্সা। ন্যু ক্যাম্পে তারা হেরেছে ৩-০ গোলের বড় ব্যবধানে। চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের আগের দেখায় ২০১৯-২০ মৌসুমের কোয়ার্টার ফাইনালে বাভারিয়ানদের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়েছিল কাতালানরা।
স্প্যানিশ লা লিগার নিয়মের কারণে বার্সার সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি দল ছেড়ে যোগ দিয়েছেন পিএসজিতে। আঁতোয়ান গ্রিজমানও ধারে ফিরেছেন পুরনো ঠিকানা আতলেতিকো মাদ্রিদে। মরার উপর খাঁড়ার ঘায়ের মতো বার্সা শিবিরে হানা দিয়েছে চোট। সেকারণে বায়ার্নের বিপক্ষে উসমান দেম্বেলে, আনসু ফাতি, মার্টিন ব্র্যাথওয়েট ও ন্যু ক্যাম্পে নতুন আসা সার্জিও আগুয়েরো খেলতে পারেননি। তাদের অনুপস্থিতিতে একাদশে থাকা মেম্ফিস ডিপাই ও লুক ডি ইয়ং ছিলেন একেবারেই বিবর্ণ।
বাজে হারের পর সংবাদ সম্মেলনে কোমান বলেছেন, এটাই এখন বার্সার জন্য বাস্তবতা, 'জীবনে আপনাকে বাস্তববাদী হতে হবে। আমাদের তরুণ খেলোয়াড়রা দেখিয়েছে যে, আমাদের ভবিষ্যৎ আছে এবং আমাদের অনেক খেলোয়াড় চোট কাটিয়ে ফিরবে।'
চোটগ্রস্ত খেলোয়াড়দের দিকে ইঙ্গিত করে তিনি যোগ করেছেন, 'আমাদের আক্রমণভাগের অনেক খেলোয়াড় নেই। আরও বিকল্প ও আরও গতিসম্পন্ন ফরোয়ার্ড পেতে আমাদের কয়েকটা সপ্তাহ অপেক্ষা করতে হবে। আমি অজুহাত খুঁজতে চাই না। কিন্তু সবাই সমস্যাটা জানে যে, কিছু খেলোয়াড়কে আমরা পাইনি।'
শুরু থেকে শেষ পর্যন্ত একের পর এক আক্রমণ আছড়ে পড়ে বার্সেলোনার রক্ষণভাগে। ইউলিয়ান নাগেলস্মানের শিষ্যরা ১৭টি শট নিয়ে লক্ষ্যে রাখে সাতটি। অথচ বায়ার্ন গোলরক্ষক মানুয়েল নয়্যার কাটান অলস সময়। কারণ, বার্সা পাঁচটি শট নিতে পারলেও একটিও ছিল না লক্ষ্যে।
জার্মান বুন্দেসলিগার শিরোপাধারী বায়ার্নের সঙ্গে নিজেদের বিস্তর ব্যবধান নিয়েছেন বার্সা কোচ, 'চ্যাম্পিয়ন্স লিগ জয়ে ফেভারিট দলগুলোর একটি বায়ার্ন এবং (তাদের বিপক্ষে) শুরুতেই আমরা বিপদে পড়ে যাই। তাদের প্রথম গোলে আমরা কিছুটা দুর্ভাগা ছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে তারা প্রমাণ করে যে, এই মুহূর্তে তারা আমাদের চেয়ে ভালো দল।'
পালাবদলের ভেতর দিয়ে যাওয়া বার্সার নতুন ফরোয়ার্ড লুক ডি ইয়ং মাঝারি গতির। তার পক্ষে বায়ার্নের গতিসম্পন্ন ডিফেন্ডার দায়ত উপামেকানো-আলফোনসো ডেভিসদের বিপাকে ফেলা সম্ভব হয়নি। তার অন্য সতীর্থদেরও গতির লড়াইয়ে জয়ী হওয়ার মুহূর্ত ছিল হাতেগোনা।
গতিহীনতার কারণে ভোগার কথা স্বীকার করেছেন কোমান, 'আক্রমণে ওঠার সময় খুব বেশি গতি না থাকলে বায়ার্নের মতো দলের বিপক্ষে খেলা খুবই কঠিন। আমাদের এটা মেনে নিতে হবে এবং কাজ চালিয়ে যেতে হবে। আমাদের এটাও চিহ্নিত করতে হবে যে, আমরা কোন দলের বিপক্ষে খেলছি।'
বাইরে থাকা ফুটবলারদের চোট কাটিয়ে ফেরার দিকে তাকিয়ে আছেন তিনি, 'বায়ার্নের মতো দলকে আঘাত করতে নিজেদের সেরাটা দিতে হবে এবং প্রতিপক্ষ তুলনামূলক ভালো হলে সেটাও স্বীকার করতে হবে। কিন্তু একই বিষয়ে কথা বলতে বলতে আমি কিছুটা ক্লান্ত। কয়েক সপ্তাহের মধ্যে (আমাদের) দলটা পাল্টে যাবে, কারণ আমরা আরও খেলোয়াড় পাব এবং আগের চেয়ে ফিট থাকব।'
উল্লেখ্য, ম্যাচের আগে কোমান শুনিয়েছিলেন আশার বাণী। কিন্তু মাঠে সেসবের কোনো ছাপ পড়েনি। প্রথমার্ধে জার্মান মিডফিল্ডার টমাস মুলার বায়ার্নকে এগিয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোলে আলো ছড়ান পোলিশ স্ট্রাইকার রবার্ত লেভানদভস্কি।