বিনা ট্রান্সফার ফিতে আরও দুই ফুটবলারকে নিচ্ছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

আগামী মৌসুমের গ্রীষ্মকালীন দলবদল শুরু হতে আরও অনেক বাকি। তবে সাম্প্রতিক সময়ে ছন্দে থাকা বার্সেলোনা শুরু করে দিয়েছে ঘর গোছানোর কাজ। স্কোয়াডের ঘাটতি দূর করতে ও শক্তি বাড়াতে দুই ফুটবলারের সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেলেছে তারা। স্পেনের পরাশক্তিদের সভাপতি হোয়ান লাপোর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই ফুটবলারের একজন মিডফিল্ডার, আরেকজন ডিফেন্ডার। তবে তাদেরকে দলে টানতে কোনো ট্রান্সফার ফি লাগছে না বার্সার। অর্থাৎ দুই ফ্রি এজেন্টকে চুক্তিবদ্ধ করার পথে তারা।

স্প্যানিশ গণমাধ্যম আরএসি ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তা বলেছেন, সব কিছু পাকা হয়ে গেলেও খেলোয়াড়দের নাম এখনই জানানোর এখতিয়ার নেই তার, 'আগামী মৌসুমের জন্য আমরা দুটি চুক্তি চূড়ান্ত করে ফেলেছি। একজন হলো মিডফিল্ডার, আরেকজন হলো সেন্টার-ব্যাক। কিন্তু তাদের নাম এই মুহূর্তে খোলাসা করার অনুমতি নেই আমার কাছে।'

লাপোর্তা নাম প্রকাশ না করলেও আন্তর্জাতিক গণমাধ্যমের গুঞ্জন অনুসারে, এসি মিলানের মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি ও চেলসির ডিফেন্ডার আন্ড্রেয়াস ক্রিস্টিয়ানসেনকে দলে টানতে যাচ্ছে বার্সেলোনা। ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে যাওয়ার কথা ছিল আইভরিকোস্টের কেসির। কিন্তু সেই আলোচনার ইতি টেনে যোগ দিচ্ছেন ক্যাম্প ন্যুতে। ডেনমার্কের ক্রিস্টিয়ানসেন ছিলেন চেলসিতে চুক্তি নবায়নের পথে। কিন্তু শেষ মুহূর্তে ভেস্তে যায় দুই পক্ষের আলাপ।

আর্থিক দৈন্যদশার মধ্য দিয়ে যাওয়া বার্সা চলতি মৌসুমে বিনা ট্রান্সফার ফিতে বেশ কিছু বড় নামকে স্কোয়াডে যুক্ত করেছে। সবশেষ শীতকালীন দলবদলে আর্সেনাল ছেড়ে কাতালান শিবিরে নাম লেখান পিয়েরে-এমেরিক অবামেয়াং। তার আগে সার্জিও আগুয়রো, এরিক গার্সিয়া, মেম্ফিস ডিপাই ও দানি আলভেসও একই কায়দায় ক্যাম্প ন্যুতে পাড়ি জমান।

হৃদযন্ত্রের সমস্যার কারণে অবশ্য গত ডিসেম্বরে সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন আগুয়েরো। বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫ ম্যাচে ১ গোল করেন তিনি। সেই গোলটি এসেছিল বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে।