বেতন ছাড়াই খেলার প্রস্তাব দেবেন মেসি, আশায় ছিলেন লাপোর্তা
রীতিমতো অসম্ভব এক আশা জমাট বাঁধতে শুরু করেছিল বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তার মনে। তিনি ভেবেছিলেন, শেষ পর্যন্ত হয়তো বেতন ছাড়াই লিওনেল মেসি ন্যু ক্যাম্পে খেলার প্রস্তাব দেবেন। কিন্তু তেমনটা ঘটেনি। বার্সার অর্থনৈতিক দুরবস্থা এবং লা লিগার আর্থিক ও কাঠামোগত বাধা- দুইয়ে মিলে আর্জেন্টাইন মহাতারকা পাড়ি জমিয়েছেন পিএসজিতে। মেসিকে রাখতে গেলে আরও দৈন্যদশা হতো কাতালানদের বলেও উল্লেখ করেছেন লাপোর্তা।
গত ১০ অগাস্ট বার্সার সঙ্গে দীর্ঘ ২১ বছরের বন্ধনের ইতি টেনে বিনা ট্রান্সফার ফিতে পিএসজিতে নাম লেখান মেসি। ফরাসি ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর শর্তও রাখা হয়েছে।
কাতালান রেডিও স্টেশন আরএসি ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তা বলেছেন, 'এমন একটা সময় এসেছিল যখন দুই পক্ষই দেখলাম যে, এটা (মেসির বার্সেলোনায় থাকা) আর সম্ভব হচ্ছে না। দুই দিক থেকেই এটা হতাশাজনক ছিল।... আমি আশা করেছিলাম, মেসি তার অবস্থান পুরোপুরি পাল্টে ফেলবে এবং বলবে, সে বিনা পয়সায় খেলতে চায়। এমন কিছু হলে দারুণ হতো এবং আমি সেটা সমর্থন করতাম। আমার মনে হয়, লা লিগাও মেনে নিত। কিন্তু মেসির মাপের একজনকে আমরা এমন কিছু করতে বলতে পারি না।'
গত মৌসুমে বার্সেলোনার ক্ষতি হয়েছে ৪৮১ মিলিয়ন ইউরো। সবমিলিয়ে তাদের দেনার পরিমাণ দাঁড়িয়েছে ১.৩৫ বিলিয়ন ইউরো। আর্থিকভাবে নাজুক অবস্থায় থাকলেও মেসিকে ধরে রাখার একটা সুযোগ অবশ্য তাদের ছিল। সেক্ষেত্রে স্প্যানিশ লা লিগার শর্ত মেনে সিভিসি ক্যাপিটাল পার্টনারসের বিনিয়োগের চুক্তিতে স্বাক্ষর করতে হতো বার্সাকে। কিন্তু রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেতিক বিলবাওয়ের পাশাপাশি তারাও প্রস্তাবটি গ্রহণে অসম্মতি জানিয়েছে।
বার্সা সভাপতি যোগ করেছেন, '(গত বুধবার) আমাদের অডিট শেষ হয়েছে এবং মেসির পেছনে বিনিয়োগ করা হলে আমরা বিপাকে পড়তাম। আমরা আর বাড়তি ঋণের মধ্যে পড়তে চাই না। আমি জানি, লা লিগার ক্লাবগুলো দুর্দশাগ্রস্ত। আমরা এই প্রক্রিয়া (সিভিসি ক্যাপিটাল পার্টনারসের বিনিয়োগের চুক্তি) থেকে নিজেদের সরিয়ে নিচ্ছি না। তবে তাদেরকে এটা পরিবর্তন করতে হবে। তারা চুক্তিটি সংস্কার করার চেষ্টা করছে।'