বেনজেমা যেন ওয়াইনের মতো: আনচেলত্তি 

স্পোর্টস ডেস্ক

সময় যত গড়িয়ে যায় অনেকের পারফরম্যান্স চলতে থাকে পড়তির দিকে। করিম বেনজেমার অবস্থা উল্টো। বিবর্ণ সব সময় পেছনে ঠেকে ক্রমশ এই ফরাসি ফরোয়ার্ড হয়ে উঠছেন দুর্ধর্ষ।  রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি তাই পুরনো ওয়াইনের সঙ্গে তুলনা করলেন তার। 

বুধবার রাতে চেলসির মাঠে স্ট্যামফোর্ড ব্রিজে গিয়ে মাত করেন বেনজেমা। তার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ৩-১ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দিকে এক পা বাড়িয়ে দেয় শিরোপা প্রত্যাশী রিয়াল। 

এর আগের রাউন্ডে পিএসজির বিপক্ষে চোখ ধাঁধানো আরেকটি হ্যাটট্রিকে দললে শেষ আটে নিয়ে এসেছিলেন তিনি। শেষ আটে চেলসিকেও গুঁড়িয়ে দিলেন ভয়ঙ্কর সুন্দর ফুটবলে। এই ফরাসি তারকাকে নিয়ে তাই উচ্ছ্বাসে ভাসাই স্বাভাবিক কোচের। আনচেলত্তির মনে হচ্ছে ৩৪ পেরুনো বেনজেমা যেন সুস্বাদু ওয়ান, যার ঝলকে উড়ছে রিয়াল, 'সে ক্রমশ ভালো থেকে আরও ভাল হচ্ছে, যেন ওয়াইনের মতো। সে এমন একজন যে মাঠে নেতৃত্ব দিচ্ছে, প্রভাব বিস্তার করছে। দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।'

একটা সময় পারফরম্যান্সের কারণেই রিয়াল মাদ্রিদে নিজের জায়গা নড়ে গিয়েছিল বেনজেমার। সেসব এখন যেন অনেক পুরনো কথা। ক্রিস্তিয়ানো রোনালদো চলে যাওয়ার পর উঠা-নামার মধ্যে থাকা রিয়ালের পতাকার ভার বয়ে চলেছেন বেনজেমাই। আনচেলত্তি মনে করেন এমন একজন ফুটবলার দলে পাওয়া ভাগ্যের ব্যাপার, 'কেবল স্ট্রাইকার নয়, ফুটবলার হিসেবে সে পরিপূর্ণ। সে তো গোল করেই তাছাড়া বল নিয়ন্ত্রণে রাখতেও ভূমিকা রাখে। এমন একজনকে দলে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার।' 

প্রথম লেগে ৩-১ গোলে এগিয়ে থাকায় সেমির দৌড়ে অনেকটা এগিয়ে রিয়াল। পরের লেগ আবার নিজেদের মাঠে। তবে কাজটা শেষ হওয়ার আগে বাড়তি কিছু ভাবতে চান না রিয়াল কোচ।