'ভিয়ারিয়ালে জয়ও বার্সার বিপক্ষে সেই কামব্যাকের সমান'

স্পোর্টস ডেস্ক

'কর্নার টেকেন কুইকলি।' শব্দ তিনটি শুনলে হয়তো এখন কাঁপন ধরে বার্সেলোনা সমর্থকদের। ঘরের মাঠে তিন গোলে এগিয়ে থেকেও বিদায় নেয় কাতালানরা। অবিশ্বাস্য নজির গড়ে ফাইনালের টিকিট কাটে লিভারপুল। আগের দিন ভিয়ারিয়ালও এক পর্যায়ে ম্যাচ জমিয়ে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত জয় পায় অলরেডরাই। তবে এই ম্যাচকে বার্সার বিপক্ষে ঐতিহাসিক সে জয়ের সঙ্গে তুলনা করলেন দলের প্রধান কোচ ইয়ুর্গেন ক্লপ।

স্তাদিও দি লা কেরামেকায় মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ভিয়ারিয়ালকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে লিভারপুল। প্রথম লেগে ২-০ গোলের ব্যবধানে জিতেছিল দলটি। তবে প্রথমার্ধেই বোলায়ে দিয়া ও ফ্রান্সিস কোকেলিনের গোলে সমতায় ফিরেছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের ঝড়ে লিভারপুলের হয়ে তিনটি গোল করেন ফাবিনহো, লুইস দিয়াস ও সাদিও মানে। ফলে দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের অগ্রগামিতায় ফাইনাল নিশ্চিত করে লিভারপুলই।

তবে কোনো সন্দেহ নেই, যে গতিতে ভিয়ারিয়াল তাদের ম্যাচ শুরু করেছিল তাতে কাঁপন ধরে গিয়েছিল লিভারপুল শিবিরেও। ৩৮তম মিনিটে জিওভানি লো সেলসোর সঙ্গে গোলরক্ষক আলিসন বেকারের চ্যালেঞ্জে রেফারি পেনাল্টির বাঁশি বাজালে ফলাফল হয়তো ভিন্নও হতে পারতো। আর এ সকল কারণেই এ ম্যাচকে এতোটা গুরুত্ব দিচ্ছেন ক্লপ।

ম্যাচ শেষে বিটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে লিভারপুল কোচ বলেন, 'আমি মনে করি, আজকের রাতটি ডর্টমুন্ড বা বার্সেলোনার বিপক্ষের মতো অন্যান্য প্রত্যাবর্তনের মতোই সমান। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ফিরে আসা অবিশ্বাস্য ছিল। মনে হচ্ছিল তাদের তৃতীয় গোলের সম্ভাবনা বেশি ছিল। দ্বিতীয়ার্ধ শুরু হলে দেখলাম আমরা ভালো করছি, কিন্তু গোল করতে হত। আমি অনেক ম্যাচ দেখেছি কিন্তু আমরা এখানে যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছি তা অবিশ্বাস্য ছিল।'