মেসি পিএসজিতে আসবেন শুরুতে বিশ্বাসই হয়নি পচেত্তিনোর
পুরো বিশ্বকে অবাক করে দিয়ে চলতি মৌসুমের শুরুতে সময়ের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে দলে টেনেছে পিএসজি। প্রায় ২১ বছরের সম্পর্ক ভেঙে বার্সেলোনা ছেড়ে প্যারিসে আসেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে প্যারিসের ক্লাবটিতে তিনি যোগ দিবেন এমনটা প্রথমে বিশ্বাসই হচ্ছিল দলটির প্রধান কোচ মাউরিসিও পচেত্তিনোর। স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর কথা শুনে এটাকে শ্রেফ কৌতুক বলে মনে হয়েছিল এ আর্জেন্টাইন কোচের।
আর্থিক টানাপোড়নের কারণে গত মৌসুমের একেবারে শেষ দিকে মেসিকে ছেড়ে দেওয়ার কথা জানায় বার্সেলোনা। তখন থেকেই নড়েচড়ে বসে পিএসজি। কয়েক দিনের আলোচনাতেই এ তারকাকে দলে টানতে সক্ষম হয় তারা। এতো দ্রুতই কাজটা হয় যে বিকল্প কোনো কিছু ভাবারই খুব একটা সময় পাননি মেসি। আর এমন কাজের জন্য স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর উচ্ছ্বসিত প্রশংসাই করেন পচেত্তিনো।
সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম কোপ'স এল পার্তিদাজোকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসিকে দলে টানার সময়ের আলোচনা সম্পর্কে এ কোচ বলেছেন, 'আমাদের অবশ্যই লিওনার্দোর কাজ তুলে ধরতে হবে, যে মাত্র দুই বা তিন দিনের মধ্যে বিশ্বের সেরা খেলোয়াড়কে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। লিওনার্দো আমাকে ফোন করে বললেন যে (মেসিকে পিএসজিতে আনার) একটা সম্ভাবনা আছে। আপনি কি এটা পছন্দ করেন না-কি পছন্দ করেন না?'
লিওনার্দোর এ কথা শুনে বিশ্বাস হয়নি পচেত্তিনোর। কৌতুক মনে করে উল্টো প্রশ্ন করেন ঠিক বলছেন কি-না, 'আমি ভেবেছিলাম এটা একটা কৌতুক ছিল, ঠিক? নিশ্চিত। আপনি কি মনে করেন? লিওর আসার সম্ভাবনা আছে। হ্যাঁ বা না? আমাদের কি তাকে পাওয়ার জন্য যাওয়া উচিত না-কি? আমার কি এটা চালনা করতে হবে?'
শেষ পর্যন্ত পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। যদিও মাঠে এখনও সে অর্থে সেরাটা দিতে পারেননি তিনি। তবে সতীর্থদের সঙ্গে এরমধ্যেই সম্পর্কটা বেশ ভালো হয়েছে বলে জানান কোচ, '(পিএসজিতে) ওর সকলের সঙ্গে ভাল সম্পর্ক রয়েছে। ও এমন একজন ব্যক্তি যে দ্রুতই দলের সবার দলের প্রতি সহানুভূতি দেখায়। ও সতীর্থদের শ্রদ্ধা ও প্রশংসা করে।'
শুরুতে সব অবিশ্বাস্য মনে হলেও প্যারিসে মেসির যোগ দেওয়ার পর বিষয়টি স্বাভাবিক হয়ে যায় পচেত্তিনোর। এমনকি প্রথম কথোপকথনও ছিল স্বাভাবিক। পচেত্তিনোর ভাষায়, 'আমাদের মধ্যে খুব স্বাভাবিক কথোপকথন হয়েছিল। সুবিধা হলো যে পিএসজি এবং প্যারিস কী ছিল সে সম্পর্কে ওর আগে থেকেই স্পষ্ট ধারণা ছিল।'