রিয়ালের রোমাঞ্চকর জয় মানেই এখন যেন ‘বেনজেমা ম্যাজিক’
করিম বেনজেমাকে ঠেকাবে কে? চ্যাম্পিয়ন্স লিগ হোক বা লা লিগা, রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য সব জয়ে নায়ক একজনই। আবারও সেভিয়ার মাঠে চরম বিপর্যস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে দলকে জেতানোর নায়ক বনলেন এই ফরাসি।
রোববার রাতে সেভিয়ার মাঠে লা লিগার ম্যাচে দুই গোলে পিছিয়ে হারের শঙ্কায় ছিল রিয়াল। সেই ম্যাচ তারা শেষ পর্যন্ত জিতে নিল ৩-২ গোলে। লিগ শিরোপা জেতার পথেও বড় বাধা পেরিয়ে গেল সফলতম দলটি।
২১ মিনিটে ইভান রাকিটিচের গোলে এগিয়ে যাওয়ার পর ২৫ মিনিটে এরিক লামেলার গোলে ব্যবধান দ্বিগুণ করে ফেলে সেভিয়া।
বিরতির পর রদ্রিগো গোজের গোলে সমতায় আসার পর নাচো ফার্নান্দেজ আনেন সমতা। যোগ করা সময়ে দারুণ গোল করে রোমাঞ্চে ভাসেন বেনজেমা।ম্যাচ শেষে উচ্ছ্বসিত কোচ কার্লো আনচেলেত্তি বলেন রিয়ালের নিজেদের নিংড়ে দিয়েই পেয়েছে প্রাপ্য জয়। তার মতে বারবার ঘুরে দাঁড়িয়ে জয় পাওয়ার মতো ব্যাপার, যা আছে রিয়ালের চরিত্রের ভেতরই, 'সবাই অপেক্ষা করছিল রিয়াল হোঁচট খাবে, কিন্তু রিয়াল হোঁচট খায়নি। রিয়ালের হৃদয় আছে, ক্যারেক্টার আছে, কোয়ালিটি আছে। এই জয় প্রাপ্য ছিল।'
'লিগ এখনো শেষ হয়ে যায়নি, এখনো কিছু ম্যাচ বাকি। কিন্তু আজকের ম্যাচটা আমাদের জন্য বড় ছিল।'
গত নভেম্বরেও সেভিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ানো জয় পেয়েছিল রিয়াল। শুরুতে গোল খাওয়ার পর ২-১ ব্যবধানে জয়ে গোল করেছিলেন বেনজেমা ও ভিনিসিউস জুনিয়র। এবার অন্তিম সময়ে দলকে আনন্দে ভাসান সেই বেনজেমাই।
পাঁচদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চেলসির বিপক্ষে বিপাকে পড়া অবস্থায় ঘুরে দাঁড়ায় রিয়াল। সেই ম্যাচেও মহা গুরুত্বপূর্ণ গোল করেছিলেন বেনাজেমা। চ্যাম্পিয়ন্স লিগে এর আগের টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করে দলকে জেতানোর নায়ক বনেন বেনজেমা। ৩৪ পেরুনো এই ফরোয়ার্ড নিজেকে বারবার নিয়ে যাচ্ছেন ভিন্ন উচ্চতায়।
এদিন ঘুরে দাঁড়িয়ে সমতা আসার পর ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ার অপেক্ষায় ছিল রিয়াল। তবে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে প্রতিপক্ষকে ভড়কে দেন বেনজেমা। ভিনিসিউস পাস বাড়িয়েছিলেন রদ্রিগোকে। রদ্রিগোর কাছ থেকে কাটব্যাক পেয়ে তীব্র শটে আনন্দে ভাসেন বেনজেমা।
লা লিগায় এবার সর্বোচ্চ ২৫ গোল হয়ে গেল বেনজেমার। সব আসর মিলিয়ে এই মৌসুমে তিনি করলেন ৩৯ গোল।