রোনালদোর সমান বেতনের দাবি ছেড়ে চুক্তি নবায়ন করছেন সালাহ
ইংলিশ ক্লাব লিভারপুলের সঙ্গে মোহামেদ সালাহর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী মৌসুমে। বার্সেলোনা ও পিএসজির মতো ক্লাবগুলোর তার প্রতি আগ্রহ রয়েছে বলেও গুঞ্জন উঠেছে। তবে মিশরীয় এই তারকা ফরোয়ার্ডকে দলে টানার আশা তাদের পূরণ হচ্ছে না শেষ পর্যন্ত। কারণ অলরেডদের সঙ্গে চুক্তি মেয়াদ বাড়ানোর খুব কাছে পৌঁছে গেছেন তিনি।
রোববার স্প্যানিশ গণমাধ্যম মার্কা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আরও চার মৌসুম লিভারপুলে থাকছেন সালাহ। দুই পক্ষ ইতোমধ্যে পৌঁছেছে সমঝোতায়। আশা করা হচ্ছে যে খুব শিগগিরই চুক্তিপত্রে স্বাক্ষর করবেন সালাহ। অ্যানফিল্ডে থাকার জন্য বেতন বাড়ানোর দাবি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
কয়েক মাস আগে সালাহ ও লিভারপুলের মধ্যে চুক্তি নবায়নের আলাপ ভেস্তে গিয়েছিল। কারণ পর্তুগালের মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর সমান পারিশ্রমিক দাবি করেছিলেন সালাহ। বেশ কয়েকটি ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুসারে, ম্যানচেস্টার ইউনাইটেডে প্রতি সপ্তাহে ৪ লাখ ৮০ হাজার পাউন্ড পেয়ে থাকেন রোনালদো। তবে এত পরিমাণ অর্থ সালাহকে তখন দিতে চায়নি লিভারপুল। তারা চেয়েছিল প্রতি সপ্তাহে ৪ লাখ পাউন্ড দিতে। সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সালাহ।
লিভারপুল তাদের অবস্থানে অনড় থাকায় ছাড় দিতে হচ্ছে ২৯ বছর বয়সী সালাহকে। সুর নমনীয় করেছেন তিনি। ক্লাবের সাপ্তাহিক ৪ লাখ পাউন্ডের প্রস্তাব মেনে নিয়েছেন তিনি। ফলে লিভারপুলকে আর কোনো দুশ্চিন্তার মধ্যে থাকতে হচ্ছে না।
ইতালিয়ান ক্লাব এএস রোমা ছেড়ে ২০১৭ সালে লিভারপুলে যোগ দিয়ে গোলের বন্যা বইয়ে দিয়ে যাচ্ছেন সালাহ। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪০ ম্যাচে তিনি করেছেন ১৫৩ গোল। সতীর্থদের ৫৭ গোলেও অবদান রেখেছেন তিনি। দুবার ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা ও একবার মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত হওয়ার পাশাপাশি লিভারপুলের হয়ে জিতেছেন লিগ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।
উল্লেখ্য, প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকলেও জাতীয় দলের জার্সিতে গত সপ্তাহে আক্ষেপে পুড়তে হয় সালাহকে। আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে সেনেগালের কাছে হেরে বাদ পড়ে যায় মিশর। টাইব্রেকারে গড়ানো রোমাঞ্চকর ম্যাচে স্পট-কিক থেকে গোল করতে ব্যর্থ হন সালাহ।