রোমাঞ্চকর লড়াইয়ে সিটি-লিভারপুল ম্যাচ ড্র
ম্যাচের ৮৯তম মিনিটে রিয়াদ মহারেজের নেওয়া ফ্রি-কিক সাইড বারে লেগে বেরিয়ে গেল। যোগ করা সময়ে তার শট গেল বারের উপর দিয়ে। শেষ সময়ে সুযোগ পেয়েও ম্যানচেস্টার সিটির আর এগিয়ে যাওয়া হয়নি। দারুণ রোমাঞ্চকর লড়াইয়ে তাদের মাঠ থেকে পয়েন্ট নিয়ে গেল লিভারপুল।
রোববার ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের সঙ্গে ২-২ গোলে ড্র করল ম্যান সিটি। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল পেপ গার্দিওলার শিষ্যরা। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শিরোপার লড়াইয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইয়ুর্গেন ক্লপের দল।
সিটির হয়ে ম্যাচের পঞ্চম মিনিটে গোল করেন কেভিন ডি ব্রুইন। ১৩তম মিনিটে তা শোধ করেন লিভারপুলের দিয়োগো জোতা। গ্যাব্রিয়েল জেসুস ৩৬তম মিনিটে ফের স্বাগতিকদের এগিয়ে নেন। বিরতির পর ম্যাচের ৪৬তম মিনিটে সাদিও মানের গোলে আবারও সমতা আনে লিভারপুল।
লিভারপুলের গোলরক্ষক অ্যালিসনের দৃঢ়তায় রহিম স্টার্লিং সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ার এক মিনিটের মধ্যে লিড নেয় সিটিজেনরা। দ্রুত ফ্রি-কিক নিয়ে বার্নার্দো সিলভা বল বাড়ান ডি ব্রুইনকে। তিনি প্রতিপক্ষের এক খেলোয়াড়কে এড়িয়ে ডি-বক্সের বাইরে থেকে নেন শট। বল সফরকারীদের ডিফেন্ডার জোয়েল মাতিপের গায়ে লেগে জড়ায় জালে।
আট মিনিট পরই পাল্টা জবাব দেয় অলরেডরা। অ্যান্ড্রু রবার্টসনের ক্রসে বল গোলমুখে ফেলেন ভার্জিল ফল ডাইক। এরপর ম্যান সিটির গোলরক্ষক এদারসনকে ফাঁকি দিতে ভুল করেননি জোতা।
২৩তম মিনিটে শেষ মুহূর্তে গোললাইন থেকে বল ফিরিয়ে দলকে বাঁচান এদারসন। তার ভুলেই বিপদে পড়তে বসেছিল সিটি। ছয় মিনিট পর ডি ব্রুইনের শট লাগে জালের বাইরের দিকে। ৩৭তম মিনিটে ফের এগিয়ে যায় প্রিমিয়ার লিগের শিরোপাধারীরা। জোয়াও ক্যান্সেলোর কাছ থেকে বল পেয়ে ভলিতে নিশানা ভেদ করেন জেসুস।
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই গোল শোধ করে দেন মানে। মোহামেদ সালাহর পাসে ডি-বক্সে সিটির ডিফেন্ডার কাইল ওয়াকারকে পেরিয়ে এদারসনকে পরাস্ত করেন তিনি। ৬৪তম মিনিটে লিভারপুলের জালে রহিম স্টার্লিং বল পাঠালেও অফসাইডের কারণে গোল টেকেনি ভিএআরে। শেষদিকে মাহরেজের দুটি প্রচেষ্টা লক্ষ্য খুঁজে না পেলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।