লিভারপুল সমর্থকদের মাঠে ঢুকতে দেরি, ফাইনাল পেছাল ৩৮ মিনিট

স্পোর্টস ডেস্ক

ম্যাচ শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় ৯টায়। যা বাংলাদেশ সময় রাত ১টায়। কিন্তু নির্ধারিত সময়ে গড়াতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। লিভারপুল সমর্থকদের প্রচণ্ড চাপে সৃষ্ট নিরাপত্তা ব্যবস্থায় বিশৃঙ্খলা হওয়ায় ম্যাচ পিছিয়ে দেওয়া হয়। মূলত নির্ধারিত সময়ে রেড সমর্থকরা মাঠে ঢুকতে না পারায় এমন সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।

শনিবার ফ্রান্সের স্তাদে দে ফ্রান্সে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। সমর্থকরা মাঠে ঢুকতে না পারায় প্রথম দফায় ১৫ মিনিট পেছনো হয় ম্যাচটি। তবে এ সময়েও সমর্থকদের ঢোকানো সম্ভব ন হলে পেছানো হয় আরও ১৫ মিনিট। এরপর পেছনো হয় আরও ৮ মিনিট। শেষ পর্যন্ত স্থানীয় সময় ৯টা ৩৮ মিনিটে শুরু হয় ম্যাচটি। 

এমনিতেই লিভারপুল সমর্থকদের বদনাম রয়েছে ব্যাপক। তার উপর দলটি এবার উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। তাও আবার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। যাদের বিপক্ষে ২০১৮ সালে হেরেছিল রেডরা। তাই এদিন ফাইনাল দেখতে ৫০ হাজারেরও বেশি সমর্থক যায় ফ্রান্সে। অথচ তাদের জন্য টিকিট বরাদ্দ ছিল ২০ হাজার।

ম্যাচ শুরুর আগে টিকিট না নিয়েও প্রচুর সমর্থক আসেন স্টেডিয়ামের গেটে। অনেকে তো দেওয়াল টপকে ঢুকে যান মাঠে। আর সমর্থকদের প্রচণ্ড চাপে টিকিট যাচাই করতেও হিমশিম খেয়ে ওঠেন নিরাপত্তা কর্মীরা। এক পর্যায়ে গেট বন্ধ করে দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ছুঁড়তে হয় পুলিশকে। যে কারণে টিকিট পাওয়া সমর্থকরাও ঠিক সময়ে ঢুকতে পারেননি। পরে গ্যালারী পূর্ণ না হতেই শুরু হয় ম্যাচ।