শিরোপা জয়ের রাতেও মেসিদের 'দুয়ো' দিল পিএসজি সমর্থকরা

স্পোর্টস ডেস্ক

প্রায় ২৫ গজ দূর থেকে লিওনেল মেসি যখন বুলেট গতির শটে লক্ষ্যভেদ করলেন, তখনই প্রায় পিএসজির শিরোপা নিশ্চিত হয়ে যায়। এরপর একটি গোল হজম করলেও শিরোপা উৎসবে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। কিন্তু ম্যাচ শেষ হতে না হতেই মাঠ ছাড়তে শুরু করেন পিএসজি সমর্থকরা। এমনকি তখন উল্টো মেসি-নেইমার-এমবাপেদের দুয়ো দিয়ে মাঠ ত্যাগ করেন তারা। সামান্য সংখ্যক সমর্থকই ছিলেন মাঠে।

পার্ক ডি প্রিন্সে শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে লঁসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। তাতেই শিরোপা উঁচিয়ে ধরতে পারে দলটি। আগেই শিরোপার কাছাকাছি চলে আসা দলটির জন্য এদিন প্রয়োজন ছিল কেবল ১ পয়েন্টের।

অথচ লিগ শিরোপা পুনরুদ্ধারের রাতে কোনো আবেগই ছিল না পিএসজি সমর্থকদের। তাদের এমন আচরণ অবাক মিডফিল্ডার মার্কো ভেরাত্তি, 'ভক্তরা উদযাপন করেননি? এটা এমন কিছু যা আমি বুঝতে পারছি না। এটা ফুটবল, কখনো তুমি জিতবে কখনো হারবে। আমরা সাধারণ মানুষ, আমাদের ব্যর্থতা থাকতেই পারে। তবে দশম শিরোপা গুরুত্বপূর্ণ।'

'আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারিনি, কিন্তু প্রতিবছর শুধুমাত্র একটি ক্লাবই তা জিততে পারে। আমরা পরের বছর এটা আশা করি। আমরা (খেলোয়াড়রা) সবার আগে সব জিততে চাই। আমি জানি তারা মাদ্রিদের হারে হতাশ ছিল, কিন্তু এক পর্যায়ে আপনাকে এগিয়ে যেতে হবে। (সমর্থকদের) জানতে হবে যে আমরা ফুটবল মাঠে সবকিছুই দিয়ে থাকি,' যোগ করেন ভেরাত্তি।

তবে শিরোপা পুনরুদ্ধার করতে পেরে দারুণ খুশি ভেরাত্তি, 'এটা খুব সুন্দর. আমরা যেহেতু ফুটবলার, আমরা এই স্বপ্নই দেখি। এটা আমার অষ্টম শিরোপা, এটা এমন কিছু যা আমি কখনো কল্পনাও করিনি। এটা (চ্যাম্পিয়ন হওয়া) কখনোই সহজ নয়। আমরা এখানে থাকার জন্য কঠোর পরিশ্রম করেছি এবং আজ আমরা খুশি।'

তবে মাঠে খেলোয়াড়দের সঙ্গে শিরোপা জয়ের উদযাপনে যোগ না দিলেও মাঠ থেকে বেরিয়ে ঠিকই উদযাপন করেছেন সমর্থকরা। প্যারিসের রাস্তায় নেমে আনন্দ উৎসবে মাতেন তারা। এমনকি বাইরে আতশবাজিও ফুটিয়েছেন অনেকেই।