শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ে শুরু বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের সাফ চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করবে বাংলাদেশ ফুটবল দল। মোট পাঁচটি দল অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত আসরে।

বুধবার প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। আগামী ১ থেকে ১৩ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৩তম আসর।

এবার খেলছে মোট পাঁচটি দল। তারা হলো স্বাগতিক মালদ্বীপ, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও নেপাল। দক্ষিণ এশিয়ার অন্য দুটি দল পাকিস্তান ও ভুটান অংশ নিচ্ছে না।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে মাঠে গড়াবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। প্রথম পর্বে প্রতিটি দল পরস্পরকে একবার করে মোকাবিলা করবে। শীর্ষ দুই দল ফাইনালে খেলবে ১৩ অক্টোবর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মালদ্বীপের রাজধানী মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে।

১ অক্টোবর উদ্বোধনী ম্যাচে লড়বে শিরোপাধারী মালদ্বীপ ও নেপাল। দিনের পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর একে একে ভারত, মালদ্বীপ ও নেপালের মুখোমুখি হবে জেমি ডের শিষ্যরা।

সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতির জন্য তিনটি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। আগামী মাসে সবগুলো ম্যাচ হবে কিরগিজস্তানের মাটিতে। ৫ সেপ্টেম্বর ফিলিস্তিন, ৭ সেপ্টেম্বর কিরগিজস্তান জাতীয় দল ও ৯ সেপ্টেম্বর কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

সাফ চ্যাম্পিয়নশিপের সূচি:

তারিখ ম্যাচ সময়
১ অক্টোবর মালদ্বীপ-নেপাল বিকাল ৫টা
১ অক্টোবর বাংলাদেশ-শ্রীলঙ্কা রাত ১০টা
৩ অক্টোবর বাংলাদেশ-ভারত বিকাল ৫টা
৩ অক্টোবর শ্রীলঙ্কা-নেপাল রাত ১০টা
৬ অক্টোবর ভারত-শ্রীলঙ্কা বিকাল ৫টা
৬ অক্টোবর বাংলাদেশ-মালদ্বীপ রাত ১০টা
৮ অক্টোবর মালদ্বীপ-শ্রীলঙ্কা বিকাল ৫টা
৮ অক্টোবর নেপাল-ভারত রাত ১০টা
১১ অক্টোবর বাংলাদেশ-নেপাল বিকাল ৫টা
১১ অক্টোবর ভারত-মালদ্বীপ রাত ১০টা

 

১৩ অক্টোবর ফাইনাল রাত ৯টা