সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ের নানা সমীকরণ
সাফ চ্যাম্পিয়নশিপের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ১৩ অক্টোবর স্বাগতিক মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলাটি। নেপালকে হারাতে পারলেই কি দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত আসরের ফাইনালের টিকিট পাবে অস্কার ব্রুজনের শিষ্যরা?
সেটা নির্ভর করছে অনেক যদি-কিন্তুর ওপর। তবে এখনকার জটিল হিসাব-নিকাশের চিত্র অনেকটাই স্পষ্ট হয়ে যাবে সাফের চতুর্থ রাউন্ডের ম্যাচ দুটির পর। আগামী রোববার ভারত মুখোমুখি হবে নেপালের, মালদ্বীপ লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে।
নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারানোর পর ভারতের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে সুবিধাজনক অবস্থানে ছিল বাংলাদেশ। কিন্তু মালদ্বীপের কাছে আগের দিন ২-০ গোলে হারায় ফাইনালে ওঠার রাস্তা কঠিন হয়ে গেছে লাল-সবুজ জার্সিধারীদের। ১৬ বছর পর সাফের শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা করে নেওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে নেপালের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের।
দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সাফের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে নেপাল। এক ম্যাচ বেশি খেলে ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশ আছে দুইয়ে। তিনে থাকা মালদ্বীপের পয়েন্ট দুই ম্যাচে ৩। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে প্রতিযোগিতার রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারত। ইতোমধ্যে সাফ থেকে ছিটকে যাওয়া লঙ্কানরা তিন ম্যাচে পেয়েছে কেবল ১ পয়েন্ট।
লিগ পর্বের পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল উঠবে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। চলুন, দেখে নেওয়া যাক ফাইনালে ওঠার লড়াইয়ের নানা সমীকরণ।
নেপাল:
চার ম্যাচে পুরো ১২ পয়েন্ট পাওয়ার আশা টিকে আছে ছন্দে থাকা নেপালের। সেক্ষেত্রে পয়েন্ট তালিকার এক নম্বরে থেকে লিগ পর্ব শেষ করবে তারা। তাদের পরের দুটি ম্যাচ যথাক্রমে ভারত ও বাংলাদেশের বিপক্ষে। সেগুলোর একটিতে জিতলেই ফাইনালে উঠবে নেপাল। এমনকি দুটি ম্যাচেই হার এড়াতে পারলেও ফাইনালে স্থান পাওয়ার সম্ভাবনা থাকবে তাদের। কিন্তু ভারত ও বাংলাদেশের বিপক্ষে হারলে নিশ্চিতভাবেই বিদায় নেবে তারা।
ভারত:
ভারতের রয়েছে সর্বোচ্চ ৮ পয়েন্ট পেয়ে ফাইনালে যাওয়ার সুযোগ। সেজন্য তাদের পরের দুই ম্যাচে হারাতে হবে যথাক্রমে নেপাল ও মালদ্বীপকে। যদি তারা একটিতেও পয়েন্ট খোয়ায়, তাহলে তাদের ফাইনালে ওঠার সুযোগ অনেকখানি কমবে। চার ম্যাচ সবমিলিয়ে ৬ পয়েন্ট পেলে তা হয়তো যথেষ্ট হবে না ভারতের ফাইনালে খেলার জন্য।
মালদ্বীপ:
বাংলাদেশকে হারানোর পর ফাইনালে ওঠার লড়াইয়ে চলে এসেছে মালদ্বীপ। পরের দুটি ম্যাচে যথাক্রমে শ্রীলঙ্কা ও ভারতকে হারাতে পারলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৯। এছাড়া, একটিতে জিতলে ও একটি ড্র করলে তারা অর্জন করবে ৭ পয়েন্ট, যা ফাইনালে ওঠার জন্য যথেষ্ট হতে পারে। কারণ, বাংলাদেশের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে তারা এগিয়ে আছে। কিন্তু কোনোটিতে হারলে তাদের সুযোগ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
বাংলাদেশ:
বাংলাদেশের সর্বোচ্চ ৭ পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে। তবে তারা ফাইনালে উঠবে কিনা সেটা নির্ভর করছে নেপাল, মালদ্বীপ ও ভারতের ম্যাচগুলোর ফলের ওপর। নেপালকে হারাতে ব্যর্থ হলে ফাইনালের আশা শেষ হয়ে যাবে জামাল ভূঁইয়া-তারিক কাজীদের। ভারতের সঙ্গে নেপাল ড্র করলে তাদের পয়েন্ট হবে ৭। সেক্ষেত্রে বাংলাদেশ যদি শেষ ম্যাচে নেপালকে হারায়, তবে দল দুটির পয়েন্ট হবে সমান এবং মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকায় ওপরে থাকবে স্প্যানিশ কোচ ব্রুজনের দল।
শ্রীলঙ্কা:
শ্রীলঙ্কা আসর থেকে বিদায় নিয়ে ফেললেও তারা বাকিদের ফাইনালে ওঠার সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারা যদি নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে হারিয়ে দেয়, তাহলে স্বাগতিকরা পড়বে মহাবিপাকে।