'১৬ জন নিয়ে ডিফেন্ড' করবে সালাহর মিশর

স্পোর্টস ডেস্ক

ন্যূনতম ব্যবধানে এগিয়ে থেকে সেনেগালের বিপক্ষে ফিরতি লেগে খেলতে নামবে মিশর। দলটির কোচ কার্লোস কুইরোজ বলেছেন, প্রথম লেগে তারা যে লিড পেয়েছেন, ১৬ জন নিয়ে ডিফেন্ড করে সেটা তারা রক্ষা করবেন।

কাতার বিশ্বকাপ নিশ্চিত করার লক্ষ্যে সাদিও মানের সেনেগাল নিজেদের মাঠ দিয়ামনিয়াদিওতে মুখোমুখি হবে মোহামেদ সালাহর মিশরের। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছিল মিশর। এবার হার এড়াতে পারলেই তারা নাম লেখাবে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে।

বাঁচা-মরার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কুইরোজ বলেছেন, মাঠে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চকেও ছাপিয়ে যেতে চান তারা, '১৬ জন বলতে আমি যা বুঝিয়েছি তা হলো, প্রত্যেক খেলোয়াড়কে একজনের না, বরং দুইজনের সমান চেষ্টা করতে হবে।'

মোজাম্বিকে জন্ম নেওয়া কুইরোজ এক সময় স্পেনের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব সামলেছেন। ইংল্যান্ডের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সহকারী কোচ হিসেবেও তিনি কাজ করেছেন দুই দফা। তিনি যোগ করেছেন, 'আফ্রিকার সেরা দলের বিপক্ষে আমরা যোগ্য হিসেবে প্রথম লেগে জিতেছি। এখন আমরা সেনেগালে যাচ্ছি মাঠের প্রতিটি মিটারে, প্রতিটি আলগা বলের জন্য লড়াই করতে। প্রত্যেক মিশরীয়কে অবশ্যই তার প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে।'

সবশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপের মূল পর্ব খেলেছিল মিশর ও সেনেগাল দুই দলই। তিন ম্যাচের সবকটিতে হেরে নিজেদের গ্রুপের তলানিতে ছিল ২৮ বছর পর বিশ্বকাপে জায়গা পাওয়া মিশর। ৪ পয়েন্ট পাওয়া সেনেগালের কপাল পুড়েছিল ফেয়ার প্লেতে পিছিয়ে থাকায়। সমান পয়েন্ট, সমান গোল ও সমান গোল ব্যবধান সত্ত্বেও তাদেরকে বিদায় করে গ্রুপ পর্বের বাধা পাড়ি দিয়েছিল জাপান।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ক্যামেরুনের মাটিতে আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনালে টাইব্রেকারে সেনেগালের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মিশরের। সেই তিক্ত স্মৃতির পুনরাবৃত্তি এবার নিশ্চয়ই চাইবে না ফারাওরা।