শাবিপ্রবি উপাচার্যের ‘আপত্তিকর মন্তব্য’, জাবি শিক্ষক সমিতির প্রতিবাদ

স্টার অনলাইন রিপোর্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের 'আপত্তিকর মন্তব্যের' বিরুদ্ধে প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে জাবি শিক্ষক সমিতি।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জাবির নারী শিক্ষার্থীদের নিয়ে যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত অবমাননাকর ও অসম্মানজনক। শাবিপ্রবির উপাচার্যের আপত্তিকর উক্তির বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা আশাকরি, তিনি প্রকাশ্যে তার ভুল স্বীকার করে অশোভন মন্তব্য প্রত্যাহার করে নেবেন।