শাবিপ্রবি

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলেও আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা

নিজস্ব সংবাদদাতা, সিলেট

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে সরকারি নির্দেশনার পরেও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ দুপুর ২টা ৩০মিনিটে এক সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন আন্দোলনকারীদের এক মুখপাত্র।

তিনি বলেন, 'গত রোববার উপাচার্যের নির্দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশী হামলার পর বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছেন উপাচার্য। তাই কার্যত বন্ধ বিশ্ববিদ্যালয়েই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। সরকারি নির্দেশে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা হলেও আমরা স্বাস্থ্যবিধি মেনে আন্দোলন চালিয়ে যাবো।'