ঝিনাইদহ শিশু পার্ক থেকে মসজিদ ছাড়া সব স্থাপনা সরানোর নির্দেশ হাইকোর্টের

স্টার অনলাইন রিপোর্ট

ঝিনাইদহ পৌরসভা এলাকার শিশু পার্ক থেকে মসজিদ ছাড়া সব স্থাপনা সরানোর নির্দেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পৌরসভার অধীনে ১২৫ নং ঝিনাইদহ মৌজায় পার্কের মূল অবকাঠামো পুনরুদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। যেন জনগণ এটিকে বিনোদনের জায়গা হিসাবে ব্যবহার করতে পারে।

আজ বুধবার হাইকোর্টের দেওয়া নির্দেশে রায়ের অনুলিপি পাওয়ার পর কর্তৃপক্ষকে ছয় মাসের মধ্যে নির্দেশাবলী মেনে চলতে বলা হয়েছে।

ঝিনাইদহ পৌরসভা এলাকার সরকারি পার্কটিতে একটি বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের বেঞ্চ এ রায় দেন।

২০১৯ সালে জনস্বার্থ মামলা হিসেবে এই আবেদনটি উচ্চ আদালতে জমা দিয়েছিল বেলা। আবেদনে বলা হয়েছিল, ঝিনাইদহ পৌরসভা কর্তৃপক্ষ পার্কে একটি বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ শুরু করেছে। অথচ পার্কটি এলাকার বৃদ্ধ ও শিশুসহ সবার বিনোদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শিশু পার্কটিকে রক্ষা করা দরকার উল্লেখ করে আবেদনে বলা হয়, বিভিন্ন জাতীয় দিবসের কর্মসূচি এখানে অনুষ্ঠিত হয় এবং প্রতিদিন ১,৫০০ থেকে ২,০০০ মানুষ এই পার্কে হাঁটেন।

আবেদনের পর ২০১৯ সালের ১১ নভেম্বর হাইকোর্ট পার্কে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের সব কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে স্থানটিকে পার্ক হিসেবে সঠিকভাবে রক্ষা ও সংরক্ষণ করার কথা বলা হয়েছিল।

আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী মিনহাজুল হক চৌধুরী এবং সাঈদ আহমেদ কবির উপস্থিত ছিলেন।