অতিরিক্ত ভাড়া আদায়: ঢাকা ও চট্টগ্রামে আজ ২৪৭ বাসের জরিমানা

স্টার অনলাইন রিপোর্ট

আজ রোববার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

রোববার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিআরটিএর ১০টি ভ্রাম্যমাণ আদালত ঢাকা ও চট্টগ্রাম মহানগরে আজ সারাদিন অতিরিক্ত ভাড়া আদায় ও সিটিং সার্ভিসের নামে অবৈধ স্টিকার লাগানোর অপরাধে ২৪৭টি বাস ও মিনিবাসকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে। এর মধ্যে ১৯৮টি ডিজেল ও ৪৯টি সিএনজিচালিত বাস ও মিনিবাস রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ও পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম ও উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।

বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দল অভিযানের সময় উপস্থিত ছিলেন।