অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে ৮ বাংলাদেশি আটক
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে অন্ধ্রপ্রদেশের একটি ট্রেন থেকে আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় পুলিশ।
রেল প্রটেকশন ফোর্স তাদের মধ্যে চার জনকে রাজামহেন্দ্রভারামে এবং বিজয়ওয়াদা সিটি পুলিশ অন্য চার জনকে হাওড়া-ভাস্কো দা গামা (গোয়া) এক্সপ্রেস ট্রেন থেকে গ্রেপ্তার করেছে।
অন্ধ্রপ্রদেশের পুলিশ সূত্রে জানা গেছে, বিহারের দারভাঙ্গা রেলস্টেশনে সম্প্রতি পার্সেল বোমা বিস্ফোরণের পর পুলিশ অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছিল। তারা খবর পেয়ে ওই বাংলাদেশিদের আটক করে।
পুলিশের দাবি, ওই বাংলাদেশিরা গোপনে ভারতে প্রবেশ করেছেন। তাদের কাছে পাসপোর্ট কিংবা কোনো অফিসিয়াল ডকুমেন্ট ছিল না। তবে, তাদের কাছ থেকে নকল আধার কার্ড, প্যান কার্ড (আর্থিক লেনদেন ও আয়কর প্রদানের জন্য) ও বেঙ্গালুরুর একটি ঠিকানা সম্বলিত ভোটার আইডি কার্ড ছিল।
ওই বাংলাদেশিরা ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত পশ্চিমের গোয়া রাজ্যে ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। গত বছর কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের পর তারা বাংলাদেশে ফেরেন। এ বছর জুনে আবারো তারা গোয়ায় রওনা হয়েছিলেন। ভুয়া আইডি কার্ডের পাশাপাশি পুলিশ তাদের কাছ থেকে মোবাইল ফোনও জব্দ করেছে।
বিজয়ওয়াদার উত্তর জোনের সহকারী পুলিশ কমিশনার শানু শেখ বলেন, ‘আমরা প্রাথমিক তদন্ত শেষ করেছি। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’