অবৈধ অস্ত্র ও মাদকসহ রাজশাহীর পৌর মেয়র মুক্তার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

অবৈধ অস্ত্র ও মাদকসহ রাজশাহীর আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল আজ ভোর ৫টার দিকে পাবনার ঈশ্বরদী থানার পাকশী এলাকা থেকে মুক্তারকে গ্রেপ্তার করে। পরবর্তীতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে চার বোতল ফেনসিডিল, এক শ গ্রাম গাঁজা, নগদ এক লাখ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গতকাল মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তার স্ত্রী জেসমিন আক্তারকে গ্রেপ্তার করে। তার ঘর থেকে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য, নগদ অর্থ ও এফডিআর মিলিয়ে প্রায় এক কোটি টাকা জব্দ করা হয়।

এক কলেজ প্রভাষককে মারধর ও তার ওষুধের দোকান ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া মামলায় পুলিশ মুক্তারের বাড়িতে অভিযান চালায়। এ সময় মামলার আরও দুই আসামি মুক্তারের ভাতিজা সোহান ও শান্তকে গ্রেপ্তার করা হয়। তবে মুক্তার পালিয়ে থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।