অর্থপাচার মামলায় গোল্ডেন মনিরের জামিন আবেদন হাইকোর্টে নাকচ
অর্থপাচার মামলায় মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে জামিন দেননি হাইকোর্ট।
একই সঙ্গে আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তিন মাসের মধ্যে মামলার তদন্ত শেষ করে বিচারিক আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক দ্য ডেইলি স্টারকে বলেন, মনিরের আইনজীবী মো. কামরুল ইসলাম তার মক্কেল আবেদনটি চালাবেন না বলে জানানোর পর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই আদেশ দেন।
২০২০ সালের ২১ নভেম্বর মনিরকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ১১ মে সিআইডির পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম বাদী হয়ে মনিরসহ ১০ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে বাড্ডা থানায় মামলা করেন।
মামলায় মনিরের স্ত্রী, ছেলে, মেয়ে ও বোনকেও আসামি করা হয়।
বাদীপক্ষ জানায়, মনিরের প্রায় ৩০টি প্লট, এক ডজনেরও বেশি ভবন এবং দুটি গাড়ির শোরুম রয়েছে, সবগুলোই তার অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে কেনা।
সিআইডি পরিদর্শক ইব্রাহিম আরও জানান, সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার সময় মনির ১২৯টি ব্যাংক অ্যাকাউন্টে ৭৯১ কোটি টাকা জমা রেখেছিলেন। এই অ্যাকাউন্টগুলোতে বর্তমানে ৬ কোটি ১৮ লাখ টাকা পাওয়া যাচ্ছে।