আইজিপির স্ত্রী পরিচয়ে নিয়োগ তদবিরের অভিযোগে নারী গ্রেপ্তার
পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) স্ত্রী পরিচয় দিয়ে কনস্টেবল নিয়োগে তদবিরের অভিযোগে ঢাকার সাভারে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রুমা আক্তার সাভারের লুটেরচর এলাকার আসলাম মিয়ার স্ত্রী। আজ শনিবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে টাঙ্গাইলে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদিব লুনা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ৭ নভেম্বর ওই নারী টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের মোবাইলে ফোন করে নিজেকে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার স্ত্রী বলে পরিচয় দেন। তিনি পুলিশের কনস্টেবল পদে একজনকে নিয়োগ দিতে বলেন। তিনি ওই প্রার্থীর নাম-ঠিকানা এসএমএস করে এসপির মোবাইলে পাঠান।
একই ব্যাপারে তৃতীয়বারের মতো ওই নারীর ফোন পেয়ে এসপির সন্দেহ হয়। তিনি সদর থানা পুলিশকে ঘটনাটি তদন্ত করে দেখতে বলেন। পরে রুমার কললিস্ট যাচাই করে পুলিশ প্রতারণার ব্যাপারে নিশ্চিত হয় এবং গ্রেপ্তার করে। তিনি বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।
তাকে পরে টাঙ্গাইলের আদালতে হাজির করা হলে বিচারক শামছুল আলম রুমাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান আদালত পরিদর্শক তানভীর আহমেদ।