আনসার আল ইসলামের সংগঠক মুন্সি ইকবাল আহমেদ গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, সাভার

সাভারের রাজাসন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর সংগঠক মুন্সি ইকবাল আহমেদকে (৬২) গ্রেপ্তার করেছে র‍্যাব।

এ সময় তার কাছ থেকে উগ্রবাদী বই, মোবাইল ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় র‍্যাব-৪ এর পুলিশ সুপার (এসপি) জয়িতা শিল্পী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোররাতে সাভারের রাজাশন এলাকার তার শ্বশুরের বাসায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর সংগঠক মুন্সি ইকবাল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজিবি) এর প্রধান মুফতি হান্নানের ভাই।'

র‍্যাব-৪ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত মুন্সি ইকবাল আহমেদ প্রথমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদ এর নেতা ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। ২০০৪ সালের ২১ মে সিলেটে হযরত শাহজালালের মাজারে গ্রেনেড হামলার ঘটনার পর তাদের ওপর গোয়েন্দা নজরদারি বেড়ে যাওয়ায় আনসার আল ইসলামের সঙ্গে কাজ শুরু করেন তিনি। বর্তমানে তিনি আনসার আল ইসলামের অন্যতম সংগঠক বলে স্বীকারোক্তি দিয়েছে। সংগঠনের অন্যান্য ৫-৬ জন সদস্যদের নিয়ে ১১ মার্চ রাতে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, আনসার আল ইসলাম এর সংগঠক হিসেবে তিনি অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছিলেন। তার মোবাইল থেকে বিভিন্ন উগ্রবাদী কথোপকথনের ও প্রচার প্রচারণার প্রমাণাদি জব্দ করা হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেপ্তারকৃত মুন্সি ইকবাল আহমেদ গোপালগঞ্জ জেলার স্থানীয় একটি কলেজ থেকে এইচএসসি পর্যন্ত লেখাপড়া করেন। পরবর্তীতে তিনি ঢাকা জেলার সাভার থানাধীন এলাকায় বসবাস শুরু করেন। সে পরিবারের ১০ ভাই-বোনের মধ্যে তৃতীয়। সে আলোচিত জঙ্গি সংগঠন হুজিবি এর প্রধান মুফতি হান্নানের ভাই। মুফতি হান্নান ২০০৪ সালের তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলার প্রধান আসামি, যার পরবর্তীতে ফাঁসি কার্যকর হয়। তার আরও দুই ভাই মৃত্যুদন্ড আদেশপ্রাপ্ত। মুন্সি ইকবাল আহমেদ বেশ কয়েকবছর ধরে নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলাম এর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য দেশে এবং দেশের বাইরে আফগানিস্তানে পলাতক থেকে প্রশিক্ষণসহ নতুন নতুন কৌশল রপ্ত করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সন্ত্রাস ও নাশকতা সংশ্লিষ্ট ৪ টি মামলা রয়েছে।