আবরার হত্যা মামলার অভিযোগ পুনর্গঠন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার ২৫ আসামির বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করেছে আদালত। সেইসঙ্গে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান অভিযোগ সংশোধনের আবেদন গ্রহণ করেন। বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আবু আবদুল্লাহ ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বছরের ১৫ সেপ্টেম্বর অভিযোগ গঠনের সময় গেস্ট রুমের পরিবর্তে গেস্ট হাউস উল্লেখ করা হয়েছিল। যা সঠিক ছিল না। সেটি সংশোধন করে ২৫ আসামির বিরুদ্ধে আজ নতুন করে অভিযোগ গঠন করা হলো। আদালতের আদেশে সংশোধিত অভিযোগটি আসামিদের পড়ে শোনানো হয়।