‘ইভটিজিংয়ের’ জেরে তরুণকে হত্যা: গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তরুণকে ছুরিকাঘাতে হত্যাকারী প্রদীপকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার লাপাং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ।

তিনি বলেন, 'নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরে আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।'

গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার প্রত্যন্ত লাউরফতেপুর ইউনিয়নের আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন মোজ্জাম্মেলের দোকানের সামনে নেয়ামুল ভূঁইয়ার ছেলে আরিফুল ইসলাম ওরফে রাফি ভূঁইয়াকে (১৯) ছুরিকাঘাত করেন প্রদীপ।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, 'স্থানীয় বখাটে প্রদীপসহ তার সহযোগী শিমুল (২০) ও রাফি (২১) ওই গ্রামের একটি মেয়েকে উত্ত্যক্ত করতো। গতকাল সন্ধ্যায় রাফি ভূঁইয়াসহ ৪-৫ জন প্রদীপকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডেকে নিয়ে আসে। সেখানে কথাবার্তার এক পর্যায়ে প্রদীপ চলে যেতে চাইলে রাফি তাকে বাধা দেয়। এ সময় প্রদীপ তার সঙ্গে থাকা ছুরি দিয়ে রাফির বুকের মাঝ বরাবর আঘাত করে পালিয়ে যায়।'

তিনি আরও বলেন, 'তাৎক্ষণিকভাবে স্থানীয়রা রাফিকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

এ ঘটনায় আজ নবীনগর থানায় মামলা হয়েছে।