ইলিয়াস ব্রাদার্স গ্রুপের ৫ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের খাতুনগঞ্জ শাখা থেকে ১৮৩.০৩ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় মেসার্স ইলিয়াস ব্রাদার্স (এমইবি) গ্রুপের ৫ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত।

চট্টগ্রাম অর্থঋণ আদালতের ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান আজ সোমবার এই আদেশ জারি করেন। একইসঙ্গে তিনি আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন স্থানীয় থানাকে।

এই ৫ জন হলেন- এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল আলম, চেয়ারম্যান নুরুল আবসার, পরিচালক মোহাম্মদ নুরুল আলম, শামসুল আলমের স্ত্রী ও পরিচালক কামরুন নাহার বেগম, নুরুল আবসারের স্ত্রী ও এবং পরিচালক তাহমিনা বেগম।

আদালতের বেঞ্চ অ্যাসিস্ট্যান্ট রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'এমইবি গ্রুপ ব্যাংক থেকে ১৩৭ কোটি টাকা ঋণ নিয়েছে। কিন্তু, ব্যাংক কর্তৃপক্ষের কয়েকটি নোটিশ সত্ত্বেও ঋণ পরিশোধ করেনি। আজ অর্থঋণ আদালত ব্যাংকের পক্ষে একটি আদেশ দেন এবং স্থানীয় থানাকে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেন।'

চট্টগ্রাম অর্থঋণ আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালে ব্যাংক কর্তৃপক্ষ চট্টগ্রাম অর্থঋণ আদালতে এমইবি গ্রুপের কাছ থেকে ঋণ আদায়ের আবেদন করে।

এমইবি'র এখন এক ডজন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকার ঋণের বোঝা আছে। এর প্রায় সব ঋণ এখন খেলাপি।