ইলিশ ধরায় মুন্সিগঞ্জে ১৩ জেলের কারাদণ্ড
মুন্সিগঞ্জে নিষিদ্ধ সময়সীমার মধ্যে ইলিশ আহরণের দায়ে ১৩ জেলের ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন একটি ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার লৌহজং উপজেলায় পদ্মা নদীতে মা ইলিশ বাঁচাতে এই অভিযান চালানো হয়। এ সময় আটক করা হয় ২৩ জেলেকে। তাদের মধ্যে ১৩ জনকে কারাদণ্ড দেওয়া হলেও বাকি ১০ জনের বয়স ১৮ বছরের কম হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এই অভিযান চলেছে ভোররাত ৪টা থেকে সকাল ১১টা পর্যন্ত।
লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাওসার হামিদ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন।
তিনি বলেন, 'অভিযানে ১ লাখ ২০ হাজার মিটারের অবৈধ কারেন্ট জাল, ৩০ কেজি মা ইলিশ ও ৪টি মাছ ধরার নৌকা বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযান শেষে আটক করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং ৩টি অনাথ আশ্রমকে জব্দ করা মাছ দান করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'আটককৃতদের বেশিরভাগই শরীয়তপুরের জাজিরা এলাকার বাসিন্দা।'