ইলিশ রক্ষা অভিযান: চাঁদপুরে ১০ জেলের ১ বছর করে কারাদণ্ড
মা ইলিশ রক্ষা অভিযানে চাঁদপুরের ১০ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিবাগত রাতে সদর উপজেলার রাজরাজেশ্বর এলাকা থেকে ওই ১০ জেলেকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন তাদের এ শাস্তি দেন।
শাস্তিপ্রাপ্ত জেলেরা হলেন-চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের লালপুর ও খেরুদিয়া এলাকার নাছির হোসেন (৩০), সফিকুল ইসলাম (২০), আব্দুস সুক্কুর গাজী (২০), খোকন বেপারী (২৩), ফারুক দর্জি (৩০), মনির হাওলাদার (২০), মো. ফারুক খান (৩২), মো. নাছির (২৯), আউয়াল হাওলাদার (৬৩) ও গোলাম মোহাম্মদ রসুল (২৩)।
চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য দ্য ডেইলি স্টারকে বলেন, 'বুধবার দিবাগত রাত ১টায় উপজেলার রাজরাজেশ্বর এলাকায় মেঘনা নদীর পাড়ে নিষেধাজ্ঞা অমান্য করে তারা মা ইলিশ ধরার প্রস্ততি নিচ্ছিল। এ সময় কোস্টগার্ড সদস্যরা ওই জেলেদের আটক করে।'
পরে, ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ড দেন বলে জানান তিনি।
এছাড়া, একই রাতে হাইমচর উপজেলায় মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অভিযোগে ৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।
জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফয়সাল তাদের ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন বলেও জানান তিনি।