এবার ইউএনওর বিরুদ্ধে মামলা, ২২ আ.লীগ নেতাকর্মীর জামিন না মঞ্জুর

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বরিশালে ইউএনও অফিস চত্বরে আনসারদের গুলি বর্ষণ, পুলিশের লাঠিচার্জের ঘটনায় সদর উপজেলার ইউএনও মো. মুনিবুর রহমানের বিরুদ্ধে দুটি মামলা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়েছে।

এর একটি মামলা উপস্থাপন করেন বিসিসি প্যানেল মেয়র জেলা আইনজীবী সমিতির সম্পাদক রফিকুল ইসলাম খোকন এবং অপরটি বিসিসির পক্ষে রাজস্ব কর্মকর্তা মো. বাবুল হালদার।

আজ রোববার সকালে তারা আদালতে মামলা ফাইল করে শুনানি করলে আদালতের বিচারক মাসুম বিল্লা মামলা আমলে নেন বলে নিশ্চিত করেছেন মামলার আইনজীবী কাইয়ুম খান কায়সার।

তিনি বলেন, 'আদালত মামলা আমলে নিয়েছেন এবং কিছু সময় পরে সিদ্ধান্ত জানাবেন। আমরা আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।'

অন্যদিকে এই ঘটনায় ইউএনওর মামলায় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের ২২ নেতাকর্মীর জামিন আবেদন নাকচ করে দিয়েছেন একই আদালত। সেই সঙ্গে আহতদের সুচিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ব্যানার অপসারণকে কেন্দ্র করে গত বুধবার রাতে বিসিসি কর্মী, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে আনসার ও পুলিশের সহিংসতার ঘটনায় আনসাররা গুলি চালায় এবং পুলিশ লাঠিচার্জ করে।

এ ঘটনায় ইউএনও মো. মুনিবুর রহমান ও পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও বিসিসি কর্মীসহ ১২২ জনের নামে ও অন্তত ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে পৃথক দুটি মামলা করা হয়।