এমপি শিমুলের কানাডায় সম্পদ, আদালতে বললেন নাটোরের সমাজকর্মী

স্টার অনলাইন রিপোর্ট

নাটোর–২ আসনের সংসদ শফিকুল ইসলামের স্ত্রী শামীমা সুলতানা জান্নাতী কানাডার অভিজাত এলাকায় একটি  বাড়িসহ অনেক সম্পদের মালিক, এমন তথ্য আদালতকে জানিয়েছেন একজন সমাজকর্মী।

আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এক আবেদনের মাধ্যমে নাটোরের সানরাইজ সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. রেজাউল চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

আবেদনে বলা হয়, অবৈধভাবে সম্পদ অর্জন ও পাচারের মাধ্যমে কানাডার টরেন্টোতে এসব সম্পদ কেনা হয়েছে। কিন্তু হাইকোর্টে জমা হওয়া দ্বৈত নাগরিকত্ব তালিকায় তাদের নামের উল্লেখ নেই।

গত বছরের ২২ নভেম্বর হাইকোর্ট বিভাগের স্বপ্রণোদিত হয়ে দেওয়া রুলে পক্ষভুক্ত হওয়ার আবেদন করেন রেজাউল চৌধুরী।

আদালত রেজাউল চৌধুরীকে হলফনামা আকারে তার দাবির সমর্থনে অভিযোগ সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ জমা দিতে বলেছেন। একইসঙ্গে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনকেও  সরবরাহ করতে বলা হয়েছে। তথ্য-প্রমাণ জমা হওয়া পর্যন্ত সুয়োমোটো রুলের শুনানি স্থগিত করেন আদালত।

রেজাউল চৌধুরীর পক্ষে শুনানি করেন মো. আবদুর রাজ্জাক ও মো. বেলাল হোসেন। দুদক ও রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।