এসিল্যান্ডের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

বরগুনার আমতলী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলামের বিরুদ্ধে এক নারী কর্মচারীকে ধর্ষণ চেষ্টা ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

আজ রোববার সকালে ওই নারী কর্মচারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে তিনি বলেন, ৬ মাস আগে আমতলী উপজেলায় এসিল্যান্ড হিসেবে যোগ দেন নাজমুল। এরপর ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেন তিনি। সেসময় তিনি তাকে কারণে-অকারণে অফিস কক্ষে ডেকে নিয়ে কুপ্রস্তাব দিতেন। সম্মতি না দেওয়ায় যৌন হয়রানি করতেন তিনি।

অভিযোগে আরও বলা হয়েছে, গত ৪ নভেম্বর বিকেলে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে ওই নারী কর্মচারিকে অফিসে ডেকে ধর্ষণ চেষ্টা চালান নাজমুল। সে সময় উপজেলা পরিষদের কয়েকজন কর্মকতা-কর্মচারী ও সেবাগ্রহীতারা ঘটনাটি দেখতে পান। পরে ওই নারীকে চাকরিচ্যুতি ও ভ্রাম্যমাণ আদালতের নামে সাজা দেওয়ার হুমকি দিয়ে নাজমুল সেখান থেকে চলে যান।

জানা গেছে, ওই নারী কর্মচারীর স্বামী আমতলী উপজেলা পরিষদে ৪র্থ শ্রেণির কর্মচারী ছিলেন। ৭ বছর আগে তিনি মারা যান। এরপর ওই নারীকে দৈনিক মজুরির ভিত্তিতে মালির চাকরি দেওয়া হয়েছিল।

অভিযোগে আরও বলা হয়েছে, নাজমুল ওই নারীকে দিনে অন্তত ১০ থেকে ১৫ বার ফোন দিতেন। এটি তিনি উপজেলা পরিষদের কর্মকতা-কর্মচারীদেরকেও জানিয়েছেন।

এ বিষয়ে এসিল্যান্ড নাজমুল দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমাকে হেয় করতে ছোট একটি ঘটনাকে বড় করা হচ্ছে।'

ইউএনও এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ দ্য ডেইলি স্টারকে জানান, বর্তমানে তিনি ছুটিতে ঢাকায় অবস্থান করছেন। তিনি এ বিষয়ে অবগত আছেন। খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।