এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব ও তার ৩ ভাই ৭ দিনের রিমান্ডে

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর

প্রতারণার মাধ্যমে গ্রাহকদের ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার পিরোজপুরে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ও তার তিন ভাইকে ৭ দিনের রিমান্ডে দিয়েছেন পিরোজপুরের এক আদালত।

পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহীউদ্দিন তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর খান মো. আলাউদ্দিন।

হারুন অর রশীদ নামে এক ব্যক্তির করা অর্থ আত্মসাত মামলায় আজ সোমবার দুপুরে রাগীব এবং তার তিন ভাইকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম।

গত ৯ সেপ্টেম্বর রাগীব এবং তার চার ভাইয়ের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন হারুন অর রশীদ। এরপর বৃহস্পতিবার রাগীবের ভাই পিরোজপুর শহরের বাজার মসজিদের ইমাম মাহমুদুল হাসান এবং খায়রুল ইসলামকে গ্রেপ্তার করে পিরোজপুর সদর থানা পুলিশ। এরপর একই দিন ঢাকা থেকে রাগীব এবং তার আরেক ভাই আবুল বাশারকে গ্রেপ্তার করে র‌্যাব।

পিরোজপুর সদর থানায় রাগীবের বিরুদ্ধে এখন পর্যন্ত ৪টি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাসুদুজ্জামান।

এমএলএম ব্যবসার নামে পিরোজপুর, বাগেরহাট এবং ঝালকাঠির বিভিন্ন এলাকা থেকে গ্রাহকদের ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে রাগীবের বিরুদ্ধে। গ্রাহকদের উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে এহসানে টাকা রাখার জন্য বিভিন্ন মসজিদের ইমাম এবং মাদ্রাসার শিক্ষকদের দিয়ে ধর্মপ্রাণ সাধারণ মানুষকে রাগীব ব্যবহার করতেন বলে অভিযোগ আছে।