কক্সবাজারে অপহৃত ৪ শিক্ষার্থীর ৩ জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের রামু উপজেলার পেঁচারদ্বীপ এলাকা থেকে অপহৃত ৪ শিক্ষার্থীর ৩ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ শুক্রবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে লেদা আনরেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমের পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।

কক্সবাজার ১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তারিক দ্য ডেইলি স্টারকে জানান, আজ সন্ধ্যায় যৌথ অভিযান চালিয়ে অপহৃত জাহেদুল ইসলাম ও মিজানুর রহমান নয়নকে উদ্ধার করা হয়েছে।

একই অভিযানে একই এলাকা থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মোহাম্মদ কায়ছারকে উদ্ধার করেছে। র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে অপহৃত মিজানুর ইসলামকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

এই ৪ জনই উখিয়া উপজেলার সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হিমছড়ির কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়ক সংলগ্ন পেঁচারদ্বীপ এলাকার বাসিন্দা।

গত ৭ ডিসেম্বর সকালে পেঁচারদ্বীপ এলাকা থেকে সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণের কথা বলে এই ৪ শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ ওঠে।