কক্সবাজারে ছুরিকাঘাতে কিশোরকে হত্যা
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ছুরিকাঘাতে তারেকুল ইসলাম নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে।
আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি মুদির দোকানে এ ঘটনা ঘটে।
নিহত তারেকুল ইসলাম (১৭) ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদর পাড়া এলাকার মৃত ছগির আহমদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, খোদাই বাড়ি এলাকার দিবা ব্রিক ফিল্ডের পশ্চিম পাশে তারেকুলের মুদির দোকান আছে। আজ সেহরি খেয়ে তিনি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্য ঘর থেকে বের হন। এরপরই তাকে হত্যা করা হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবদুস শুক্কুর বলেন, 'ভোরে তারেকুলের দোকানের সামনে এ ঘটনাটি ঘটে। পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার শরীরের ৩ জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।'
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, 'হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরিটি জব্দ করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।'