কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত
কক্সবাজার জেলা শহরে ছুরিকাঘাত করে ইমন হাসান মওলা (১৯) নামে স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে হত্যা করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোররাত ৩টায় তার মৃত্যু হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।
ইমন হাসান মওলা কক্সবাজার জেলা শহরের উত্তর টেকপাড়ার ব্যবসায়ী মোহাম্মদ হাসানের ছেলে। তিনি ছাত্রলীগের কক্সবাজার শহর ৪ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।
ইমনের পরিবার জানায়, গতকাল রাত সাড়ে ৯টায় কক্সবাজার জেলা শহরের পেশকার পাড়ার বাঁকখালী নদীর সিকো বরফ কল পয়েন্টে ইমন তার বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে যায়। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে তার মোটর সাইকেলের গতিরোধ করে পেশকার পাড়া এলাকার বহু মামলার পলাতক আসামি আবদুল্লাহ খান, ছৈয়দ আকবর, রমজান, ইমন, সানি, ফরহাদসহ ৭-৮ জন চিহ্নিত সন্ত্রাসী। সেসময় ইমনের শরীরের বিভিন্ন স্থানে তারা উপর্যুপরি ছুরিকাঘাত করে। ছিনিয়ে নেওয়া হয় তার সঙ্গে থাকা মোটরসাইকেলটি।
এক পর্যায়ে ইমন মাটিতে পড়ে গেলে তার মৃত্যু হয়েছে ভেবে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমনের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় তার মৃত্যু হয়।
কক্সবাজার শহরের ৪ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি আসিফুল করিম ডেইলি স্টারকে বলেন, 'ছাত্রলীগ নেতা ইমনের হত্যাকারীরা সবাই চিহ্নিত হয়েছে। তারা এলাকার পেশাদার সন্ত্রাসী ও অপরাধী। দ্রুত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি জানাচ্ছি।'
ওসি শেখ মুনীর-উল-গীয়াস ডেইলি স্টারকে বলেন, 'ইমনকে ছুরিকাঘাত করার খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। পরিবারের সঙ্গে কথা বলে ঘটনায় জড়িতদের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।'