কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ৫ রোহিঙ্গা গ্রেপ্তার
ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আজ শুক্রবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ১৬ এপিবিএনের অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার ৫ রোহিঙ্গা হলেন- ২৭ নম্বর ক্যাম্পের সৈয়দ নুর (২৮), একই ক্যাম্পের নুর বশর প্রকাশ জাহাঙ্গীর (২২), ২১ নম্বর চাকমারকুল ক্যাম্পের আবু বকর সিদ্দিক (৩২), নয়াপাড়া ক্যাম্পের মো. সাকের (২৭) ও একই ক্যাম্পের আবু তালেব (৩০)।
এসপি তারিকুল ইসলাম জানান, আজ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন ৫ রোহিঙ্গা। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬টি রামদা-কিরিচসহ তাদের আটক করা হয়। পরে তাদের থানায় সোপর্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে ডাকাতি প্রস্তুতির কথা স্বীকার করেছেন। তাদের দলে থাকা আরও ১২ জন ডাকাতসহ মোট ১৭ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।