কক্সবাজারে বন কর্মচারীদের ওপর হামলা, আহত ১২
কক্সবাজারের রামু উপজেলায় উচ্ছেদ অভিযান শেষে ফেরার সময় দুর্বৃত্তদের হামলায় বন বিভাগের অন্তত ১২ কর্মচারী আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকাল ৭টার দিকে উপজেলার জোরিয়ানালা ইউনিয়ন এলাকায় হামলার ঘটনা ঘটে। বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ওই এলাকায় উচ্ছেদ অভিযান শেষ করে ফিরছিলেন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, বনের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে আজ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় কোনো ধরনের বাধার মুখে পড়তে হয়নি। তবে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা যখন ফিরছিলেন, তখন দুর্বৃত্তরা তাদের ওপর ধারালো অস্ত্র হাতে হামলা চালায়। এতে দুই জন রেঞ্জ অফিসারসহ ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
অরূপ কুমার চৌধুরী আরও বলেন, হামলাকারীদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।