কক্সবাজারে শ্রমিক লীগ সভাপতি হত্যা মামলায় সাবেক শিবির নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম সিকদার হত্যা মামলায় সাবেক শিবির নেতা ইমাম খাইরকে (৩৭) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। গ্রেপ্তারের পর শুত্রুবার তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল গীয়াস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ মামলায় প্রথম গ্রেপ্তার ইমাম খাইরকে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের মাধ্যমে শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, ইমাম খাইর ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবিরের রুকন ছিলেন। পরে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের কক্সবাজার ক্যাম্পাসে কাজ করেন। তিনি কক্সবাজার নিউজ ডটকম নামে একটি নিউজ পোর্টালের বার্তা সম্পাদক পদেও কাজ করেন। অনুমোদনহীন ওই পোর্টালটি কয়েক মাস আগে বন্ধ করে দেওয়া হয়।

সর্বশেষ তিনি কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা কক্সবাজার৭১ এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, শ্রমিক লীগ নেতা জহিরুল ইসলাম সিকদারকে হত্যায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে ইমাম খাইরকে আটক করা হয়।

তার নাম মামলার এজাহারে উল্লেখ না থাকলেও, এই হত্যাকাণ্ডে তিনি জড়িত আছেন বলে তদন্তে পাওয়া গেছে। তাই তাকে আটক করা হয়েছে বলে জানায় র‍্যাব।