কমলগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিঙ্গা চাবাগান এলাকায় র্যাবের সঙ্গে 'গোলাগুলিতে' ২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শ্রীমঙ্গল র্যাব-৯ ব্যাটালিয়ন কমান্ডার বসু দত্ত চাকমা।
আজ রোববার ভোরে এই ঘটনা ঘটে।
বসু দত্ত চাকমা দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিহত ২ জন কমলগঞ্জের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইউনিয়ন যুবলীগ নেতা নাজমুল হাসান হত্যা মামলার আসামি হতে পারে। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।'
তিনি আরও বলেন, 'ভোরে চাবাগান এলাকায় ওই ২ জন র্যাবের টহল দলের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে ২ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।'
'আমরা পরিচয় নিশ্চিত করতে কাজ করছি। তবে কেউ কেউ বলছেন তারা ব্যবসায়ী নাজমুল হত্যা মামলার আসামি। আমরা পরিচয় যাচাইবাছাই করে নিশ্চিত হব,' যোগ করেন তিনি।