করোনা পরীক্ষার টাকা আত্মসাৎ: টেকনোলজিস্টের বিরুদ্ধে দুদকের মামলা
করোনা পরীক্ষার ইউজার ফি বাবদ উত্তোলন করা ২ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ২০০ টাকা আত্মসাতের অভিযোগে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) প্ৰকাশ কুমার দাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান বাদী হয়ে দণ্ডবিধির ৪০৯ ও ৪২০ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ১৬।
রোগী ও বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা বাবদ উত্তোলন করা সরকার নির্ধারিত অর্থ সঠিকভাবে কোষাগারে জমা হয়েছে কি না দেখতে জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নিয়াজ মোহাম্মাদ ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।
তদন্তে উঠে আসে ফি উত্তোলনে দায়িত্বপ্রাপ্ত হয়ে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত গত ১ বছরে প্রকাশ কুমার দাস মোট ৪ কোটি ২৪ লাখ ৯৩ হাজার ৯০০ টাকা আদায় করেন। এর মধ্যে তিনি ১ কোটি ৬৬ লাখ ৯৬ হাজার ৭০০ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন। বাকি ২ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ২০০ টাকা তিনি আত্মসাৎ করেছেন।
ওই ঘটনায় চলতি বছরের ২৭ সেপ্টেম্বর খুলনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পাশাপাশি দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ে অভিযোগ করা হয়।