করোনা পরীক্ষার ২ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাৎ, টেকনোলজিস্ট কারাগারে

নিজস্ব সংবাদদাতা, খুলনা

খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে (সদর) বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষার ২ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের মামলায় হাসপাতালের টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাসকে কারাগারে পাঠিয়েছেন খুলনার একটি আদালত।

আজ রোববার দুপুরে প্রকাশ কুমার খুলনা মহানগর দায়রা জজ বিশেষ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক শহিদুল ইসলাম জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, দুদকের উপ-সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান বাদী হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাসের বিরুদ্ধে মামলা করেছেন। এই মামলায় হাইকোর্ট থেকে প্রকাশ কুমার ১৫ দিনের জামিন নিয়ে খুলনায় আসেন। জামিন শেষে আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রকাশ কুমার দাশ হাসপাতালের কোভিড পরীক্ষা থেকে ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত ৪ কোটি ২৪ লাখ ৯৩ হাজার ৯০০ টাকা ফি আদায় করেন। কিন্তু সরকারি কোষাগারে জমা দেন ১ কোটি ৬৬ লাখ ৯৬ হাজার ৭০০ টাকা। বাকি ২ কোটি ৫৮ লাখ ৯৭ হাজার ২০০ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন তিনি।