কলেজ শিক্ষার্থী ধর্ষণ ও হত্যা মামলার প্রতিবেদন ২ নভেম্বরের মধ্যে দেওয়ার নির্দেশ
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ ৮ জনের বিরুদ্ধে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন ২ নভেম্বরের মধ্যে জমা দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, পিবিআই পরিদর্শক গোলাম মোক্তার আশরাফউদ্দিন মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত এ আদেশ দেন।
এ বছর ২৬ এপ্রিল রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে পুলিশ ২১ বছর বয়সী ওই কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। পরে, তার বড় বোন আত্মহত্যার প্ররোচনার অভিযোগে আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ১৯ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন।
১৮ আগস্ট আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন এবং আনভীরকে মামলা থেকে অব্যাহতি দেন।
পরে, ওই কলেজ শিক্ষার্থীর বড় বোন গত ৬ সেপ্টেম্বর ধর্ষণ ও হত্যার ঘটনায় আনভীরের বিরুদ্ধে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-8 এ আরেকটি মামলা করেন।
আনভীর, বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমসহ মোট ৮ জনকে এ মামলায় অভিযুক্ত করা হয়।