কাউন্সিলর সোহেলসহ ২ জনকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের
কুমিল্লা সিটি করপোরেশন কাউন্সিলর সৈয়দ আহমেদ সোহেল ও তার সহযোগী হরিপদ দাসকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।
আজ বুধবার মধ্যরাত সোয়া ১২টার দিকে ১১ জনের নাম উল্লেখ করে নিহত সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, 'রাত সোয়া ১২টার দিকে মামলাটি রেকর্ড করা হয়। মামলায় শাহ আলমকে প্রধান আসামি করে জেল সোহেল, সাব্বির, রকি, শাহ আলমের ভাতিজা সুমনসহ মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ১০ থেকে ১২ জনকে।'
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।'
নিজ কার্যালয়ে গত সোমবার বিকেল ৪টার দিকে কাউন্সিলর সোহেলসহ গুলিবিদ্ধ হন অন্তত ৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল ও তার সহযোগী হরিপদ দাসের মৃত্যু হয়।
হামলায় আহত প্রত্যক্ষদর্শী মাজেদুল হক বাদল দ্য ডেইলি স্টারকে বলেন, 'কাউন্সিলর সোহেল ও হরিপদকে হত্যাকারী শাহ আলম ও জেল সোহেলকে আমি চিনতে পেরেছি। পুলিশকেও সেটা জানিয়েছি আমি।'
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম জানান, গত মঙ্গলবার বিকেলে সংরাইশ এলাকা থেকে হত্যাকারীদের ফেলে যাওয়া ৩টি দেশীয় তৈরি অস্ত্র, ১১ রাউন্ড গুলি, হাত বোমা, ২টি কালো ট্র্যাকস্যুট উদ্ধার করেছে পুলিশ।