কারওয়ান বাজারে ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীর কারওয়ান বাজারে ছুরিকাঘাতে অজ্ঞাত পরিচয় যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
মঙ্গলবার রাত ৯টার দিকে কারওয়ান বাজারের প্রিন্স হোটেলের সামনে দিয়ে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় কয়েক জন তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
পরে পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে রাত পোনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া রাকিব নামে এক যুবক দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রিন্স হোটেলের সামনে ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ি ছিল। আশেপাশের লোকজন বলাবলি করছিল ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করেছে। প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সে মারা যায়।'
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, নিহত যুবকের পেটে ও হাতে ছুরিকাঘাতের চিহ্ন আছে। তার পরনে গেঞ্জি ও পায়জামা ছিল।
নিহতের পকেট থেকে একটি মানিব্যাগ পাওয়া গেছে। সেখানে কিছু টাকা-পয়সা পাওয়া গিয়েছে। কিন্তু তার কাছে কোনো মোবাইল পাওয়া যায়নি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে তেজগাঁও থানার উপ-পরিদর্শক গোলাম সারওয়ার দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখনো ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আমরা তার পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।'