কাশিমপুরে এখনও পৌঁছায়নি পরীমনির জামিনের কাগজ, কারা ফটকে জনতার ভিড়
মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন হলেও, গাজীপুরের কাশিমপুর কারাগারে এখনও পৌঁছায়নি তার জামিন সংক্রান্ত কাগজপত্র। তবে, জামিনের খবর প্রচারের পর থেকেই কারাগারের সামনে উৎসুক জনতার ভিড় বেড়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার হালিমা খাতুন দ্য ডেইলি স্টারকে জানান, পরীমনির জামিন সংক্রান্ত কোনো কাগজপত্র তাদের হাতে এসে পৌঁছায়নি।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরীমনির জামিন আবেদন মঞ্জুর করেন।
থানা থেকে চার্জশিট দেওয়ার আগ পর্যন্ত আদালত পরীমনির জামিন আবেদন মঞ্জুর করেছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন তার আইনজীবী মুজিবুর রহমান। পরীমনির মুক্তিতে আর কোনো বাঁধা নেই বলে জানান তিনি।
কারা সড়কের কনফেকশনারি দোকানী ফজলুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিকেল ৩টার পর থেকে পরীমনির জামিনের খবর প্রচার হলে এখানে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে। উৎসুক জনতার মধ্যে যুবক বয়সের লোকজন বেশি।'
এ বিষয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আলাদা করে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেই। তবে, পুলিশের একটি টহল টিম কারা সড়কে অবস্থান করছে।'