কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে কাউন্সিলরসহ আহত ৭
দুর্বৃত্তদের গুলিতে কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আহমেদ সোহেলসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।
আজ সোমবার বিকেল ৪টার দিকে কুমিল্লা শহরের পাথুরিয়া পাড়া এলাকায় কাউন্সিলরের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ৪ থেকে ৫ জন মুখোশধারী পাথুরিয়া পাড়া এলাকায় কাউন্সিলর কার্যালয়ে ঢুকে তাদের গুলি করে। সোহেল ছাড়া আহত অন্য ৬ জন হলেন- হরিপদ দাস, রাসেল, আওয়াল হোসেন রিজু, মাজেদুল হক বাদল, জুয়েল ও এড. সোহেল চৌধুরী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মাথায় আঘাতের কারণে সিটি করপোরেশনের প্যানেল মেয়র সোহেলের অবস্থা আশঙ্কাজনক। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে।
কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, 'কাউন্সিলর গুলিবিদ্ধ হয়েছেন, এখন পর্যন্ত এটাই জানতে পেরেছি। আমরা খতিয়ে দেখছি ঘটনাটি।'