কুমিল্লায় পল্লি চিকিৎসক দম্পতিকে শ্বাসরোধ করে হত্যা
কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর গ্রামে এক দম্পতিকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ সোমবার ভোররাত আনুমানিক সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুবর্ণপুরের পল্লি চিকিৎসক বিল্লাল হোসেন (৭৫) ও তার স্ত্রী সফুরা বেগম (৫৬)।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
পরিবারের অভিযোগ, মধ্যরাতের কিছু আগে তুমুল বৃষ্টির সময় সাত থেকে আট জন ঘরে প্রবেশ করে তাদেরকে হাত-পা বেঁধে স্টাম্পসহ বেশকিছু প্রয়োজনীয় কাগজপত্রের খোঁজ করতে থাকে। সেগুলো না পেয়ে এক পর্যায়ে শ্বাসরোধ করে তাদেরকে হত্যা করা হয়। পরিবারে সদস্যের কান্নাকাটি-চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
পাঁচথুবী ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল বলেন, 'সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। হত্যাকাণ্ডটি পূর্ব শত্রুতা থেকে হয়ে থাকতে পারে। দুই মাস আগেও একই বাড়িতে ডাকাতি হয়েছিল। এ সংক্রান্ত ডাকাতির মামলাটি তদন্তাধীন। পুলিশের তদন্তসংস্থাগুলো ঘটনাস্থলে এসেছিল।'
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর ডেইলি স্টারকে বলেন, 'নিহতদের শরীরে আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদেরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দুর্বৃত্তদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।'
'কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে,' যোগ করেন তিনি।