কুমিল্লায় বিজিবির ওপর হামলা-গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা
কুমিল্লা শাসনগাছা রেলগেট এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর হামলা ও তাদের গাড়ি ভাঙচুরের অভিযোগে থানায় মামলা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ৮টায় এ হামলার ঘটনা ঘটে এবং রাতেই ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে অভিযুক্ত করে মামলা করা হয়।
মামলা সূত্রে জানা যায়, শাসনগাছা এলাকার মাদক চোরাকারবারিরা এ হামলা চালিয়েছে।
কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, 'আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।'
স্থানীয়রা জানান, বিজিবি সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে স্থানীয় মাদক চোরাকারবারিরা। আত্মরক্ষায় বিজিবি সদস্যরা পাশে অবস্থিত রেলের ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সের অফিস ক্যাম্পে আশ্রয় নেয়। মাদক চোরাকারবারিরা সেখানে ঢুকে বিজিবির গাড়ি ভাঙচুর করে।
এ বিষয়ে বিজিবি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
রেলের ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সের নিরাপত্তা কর্মকর্তা আব্দুল মালেক ভুঁইয়া বলেন, 'আমাদের ক্যাম্পের ভেতরে বিজিবির গাড়ি প্রবেশ করলে বাইরে থেকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা হয়। তাদের কয়েকজন ক্যাম্পের ভেতরে প্রবেশ করে বিজিবির গাড়ি ভাঙচুর করেছে। পরে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোতোয়ালী মডেল থানার ওসি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।'